গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি ছাড়ার ঘোষণা দিয়েছেন বাবা ও ছেলে। বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলটির সব ধরনের সাংগঠনিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন তারা।
রবিবার (১৫ নভেম্বর) রাতে উপজেলার কুশলী ইউনিয়নের চর কুশলী ২ নম্বর ওয়ার্ডে নিজেদের বাড়িতে এ ঘোষণা দেন মো. লুৎফর ফকির ও তার ছেলে মিরান ফকির।
বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে আদর্শিক মতপার্থক্য, হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগকে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেছেন মিরান ফকির।
তিনি দাবি করেন, রাজনীতি সম্পর্কে তেমন ধারণা না থাকা সত্ত্বেও তার বৃদ্ধ বাবাকে ভয় দেখিয়ে বিএনপিতে যোগ দিতে বাধ্য করা হয়েছিল। একইভাবে তাকেও ভয়ভীতি দেখিয়ে দলটিতে যুক্ত করা হয়। তবে বাবা-ছেলের কারও দলীয় কোনো পদ ছিল না। তাদের শুধু সাধারণ সদস্য হিসেবে রাখা হয়েছিল।
মিরান ফকির জানান, বিএনপির সঙ্গে প্রায় পাঁচ থেকে সাত মাস যুক্ত থাকার সময় তারা বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছেন। নীলফা বাজারে তার একটি ছোট ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। সেখানে ব্যবসা পরিচালনার সময়ও তাকে নানা ধরনের হুমকি ও ভয়ভীতি দেখানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তার ভাষ্য, বিএনপির কর্মকাণ্ড কাছ থেকে দেখার পর দলটির রাজনৈতিক অবস্থান ও কার্যক্রমের সঙ্গে তাদের মতের অমিল তৈরি হয়। বিশেষ করে মানুষকে আটক, হয়রানি, মারধর এবং সংঘর্ষ ও বিশৃঙ্খলার মতো কর্মকাণ্ড তারা সমর্থন করেন না।
মিরান ফকির আরও অভিযোগ করেন, শনিবার রাতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় তিন তরুণকে আটকে রেখে মারধর করা হয়েছে বলে তারা জানতে পেরেছেন। এমন ঘটনায় তারা ব্যথিত হয়েছেন। বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত টুঙ্গিপাড়ায় এই স্লোগান দেওয়ার কারণে কাউকে নির্যাতনের শিকার হতে হবে কেন, সেই প্রশ্নও তোলেন তিনি।
তিনি বলেন, ‘শেখ হাসিনার জন্মস্থান টুঙ্গিপাড়ায় জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে যদি মানুষকে মারধর করা হয়, তাহলে এমন রাজনীতি আমরা চাই না। শেখ হাসিনার প্রতি আমাদের আবেগ ও ভালোবাসা রয়েছে। আমাদের রক্তের সাথে তার রক্ত মিশে রয়েছে।’
মিরান ফকির জানান, নিজেদের সিদ্ধান্তেই তারা বিএনপির সদস্যপদসহ দলটির সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে সরে দাঁড়িয়েছেন। ভবিষ্যতে এ ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত হতে চান না তারা। বক্তব্যের শেষ পর্যায়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে নিজেদের অবস্থান জানান দেন বাবা ও ছেলে।
এ বিষয়ে বিএনপির স্থানীয় নেতাদের বক্তব্য পাওয়া যায়নি। বাবা-ছেলের তোলা অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্যও জানা সম্ভব হয়নি।


