জন্মহার রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমে আসার মধ্যে সরকারি কর্মীদের জন্য পরীক্ষামূলকভাবে জীবনসঙ্গী খোঁজার একটি বিশেষ প্ল্যাটফর্ম চালু করেছে সিঙ্গাপুর। ‘ফার্স্টডেট’ নামের এই সেবা আপাতত ২১ থেকে ৩৫ বছর বয়সী অবিবাহিত সরকারি কর্মকর্তাদের জন্য উন্মুক্ত করা হয়েছে। সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সিঙ্গাপুরের সরকারি প্রযুক্তি সংস্থা গভটেকের উদ্যোগে চালু হওয়া প্ল্যাটফর্মটি প্রচলিত ডেটিং অ্যাপের মতো একের পর এক প্রোফাইল সোয়াইপ করার বদলে পছন্দ, মূল্যবোধ ও জীবনযাপনের ধরন বিবেচনায় একজন করে সম্ভাব্য সঙ্গী বেছে দেবে। গভটেক বলছে, এতে ব্যবহারকারীরা কম সংখ্যক ম্যাচ পেলেও প্রতিটি পরিচয়কে বেশি গুরুত্ব দিয়ে বিবেচনা করার সুযোগ পাবেন।
এতে অংশ নিতে ব্যবহারকারীদের সিঙ্গাপুরের জাতীয় ডিজিটাল পরিচয়ব্যবস্থা Singpass-এর মাধ্যমে লগইন করতে হয়। এরপর আগ্রহ, অভ্যাস, খাবার ও ভ্রমণপছন্দ, সম্পর্কের প্রত্যাশা, বয়সসীমা, সন্তান নেওয়ার ইচ্ছা এবং কোন বিষয়গুলো একেবারেই গ্রহণযোগ্য নয়—এসব নিয়ে প্রায় ৩০টি প্রশ্নের উত্তর দিতে হয়।
ফার্স্টডেটের বিশেষত্ব হলো, এতে ব্যবহার করা হচ্ছে ‘গেল-শ্যাপলি স্টেবল ম্যারেজ অ্যালগরিদম’। ১৯৬২ সালে গণিতবিদ ডেভিড গেল ও লয়েড শ্যাপলি এই পদ্ধতির ধারণা দেন। পরে লয়েড শ্যাপলি ২০১২ সালে অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কার পান। পছন্দের ভিত্তিতে দুই পক্ষের মধ্যে তুলনামূলকভাবে স্থিতিশীল জুটি তৈরির জন্য এই অ্যালগরিদম ব্যবহৃত হয়।
তবে উদ্যোগটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে অভিনব উদ্যোগ হিসেবে দেখছেন, আবার কেউ সরকারি চাকরিজীবীদের মধ্যে সীমাবদ্ধ রাখা এবং ৩৫ বছর বয়সের ঊর্ধ্বে অবিবাহিতদের বাদ দেওয়ার সমালোচনা করেছেন। গভটেক জানিয়েছে, এটি এখনো পরীক্ষামূলক প্রকল্প এবং ভবিষ্যতে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হবে কি না, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
এই উদ্যোগ এমন এক সময়ে চালু হলো, যখন সিঙ্গাপুরে বিয়ে ও জন্ম—দুটিই কমছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে দেশটিতে নাগরিক শিশুর জন্ম হয়েছিল ২৬ হাজার ৭১টি, যা আগের বছরের তুলনায় ১০.৮ শতাংশ কম। একই বছরে মোট প্রজনন হার নেমে আসে রেকর্ড সর্বনিম্ন ০.৮৭-এ।
কম জন্মহার মোকাবিলায় সরকার পরিবার গঠন ও সন্তান পালনে আর্থিক সহায়তাও বাড়িয়েছে। নতুন ব্যবস্থায় প্রতিটি সিঙ্গাপুরি শিশুর জন্য বিভিন্ন ধাপে প্রায় ৭০ হাজার সিঙ্গাপুরি ডলার সমমূল্যের সরাসরি সরকারি সহায়তার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।


