ফিফা আয়োজিত প্রথম টুর্নামেন্টে অভিষেকটা হার দিয়ে শুরু হয়েছে বাংলাদেশের। মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর এবার ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ লাল-সবুজের প্রতিনিধিদের সামনে। দ্বিতীয় ম্যাচে হামজা চৌধুরী, শমিত সোমদের প্রতিপক্ষ সিঙ্গাপুর। প্রথম ম্যাচের ভুল শুধরে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়ার জাকার্তার গালোরা বুং কার্নো স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও সিঙ্গাপুর। বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি। ঢাকায় ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ।
বাংলাদেশের জন্য ম্যাচটি মোটেও সহজ হওয়ার কথা নয়। ফিফা র্যাংকিংয়ে সিঙ্গাপুর ১৪৮তম স্থানে, যেখানে বাংলাদেশের অবস্থান ১৮১। অতীত মুখোমুখি লড়াইয়েও এগিয়ে সিঙ্গাপুর। এখন পর্যন্ত চারবারের সাক্ষাতে প্রতিবারই জয় পেয়েছে তারা।
সাম্প্রতিক দুই ম্যাচেও অবশ্য বাংলাদেশের সাথে লড়াই করতে হয়েছে সিঙ্গাপুরকে। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের দুই লেগেই বাংলাদেশ হারলেও ব্যবধান ছিল অল্প। প্রথম ম্যাচে ২-১ এবং দ্বিতীয় লেগে ১-০ গোলে জয় পেয়েছিল সিঙ্গাপুর। ফলে এবারও বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই তাদের।
তবে বর্তমান বাংলাদেশ দল আগের চেয়ে বেশ পরিবর্তিত। হামজা চৌধুরীর মতো অভিজ্ঞ খেলোয়াড়ের পাশাপাশি জিদান ইউসুফ, সুখি ইতোফুসা ও ফারহান আলী ওয়াহিদের মতো নতুন মুখ দলে যোগ হওয়ায় স্কোয়াডে বেড়েছে বৈচিত্র্য ও প্রতিযোগিতা। সিঙ্গাপুরের বিপক্ষে সেই শক্তির প্রতিফলন ঘটাতে চাইবে বাংলাদেশ।
এর জন্য সবচেয়ে আগে প্রয়োজন মালয়েশিয়া ম্যাচের ভুলগুলো কাটিয়ে ওঠা। উদ্বোধনী ম্যাচে রক্ষণ ও দলীয় সমন্বয়ে যে ঘাটতিগুলো দেখা গেছে, সেগুলো শুধরে মাঠে নামতে হবে হামজা-শমিতদের। প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর বাংলাদেশ ও সিঙ্গাপুর দুই দলই এখন প্রথম পয়েন্টের সন্ধানে।


