...|...|...

খেলা

একদিনে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৫৫ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৫৮
Shares
একদিনে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

দেশে ডেঙ্গুর দাপট অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৬ জন।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেষ ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে সর্বোচ্চ ৪৩২ জন ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে)। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৩২৩ জন, খুলনা বিভাগে ২৬৭ জন, বরিশাল বিভাগে ২৫৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২০৬ জন, রাজশাহী বিভাগে ১৯৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৬৯ জন, ময়মনসিংহ বিভাগে ১১৫ জন, রংপুর বিভাগে ৬২ জন ও সিলেট বিভাগে ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত দেশে মোট ৭৫ হাজার ৭৩০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭০ হাজার ২৫৮ জন। আর এ পর্যন্ত মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৩৩ জনে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন আক্রান্ত হন এবং মারা যান ৪১৩ জন। তার আগের বছর অর্থাৎ ২০২৪ সালে ১ লাখ ১ হাজার ২১৪ জন আক্রান্তের বিপরীতে মারা যান ৫৭৫ জন। আর ২০২৩ সালে দেশের ইতিহাসে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু আক্রান্ত হন এবং রেকর্ড ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল।