...|...|...

ক্যাম্পাস

‘গলা টিপে ধরেছে, মারধর করেছে’, হামলার পরও সাংবাদিকের শপথ-‘কলম চলবে’

রাবি প্রতিনিধি
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৪১
Shares
‘গলা টিপে ধরেছে, মারধর করেছে’, হামলার পরও সাংবাদিকের শপথ-‘কলম চলবে’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিজের ওপর হামলার বর্ণনা দিয়ে ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন দ্য ডেইলি স্টারের রাবি প্রতিনিধি নূরআহসান মৃদুল। 

সোমবার (৫ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেন, হামলাকারীরা তাকে গলা চেপে ধরে দরজার সাথে আটকে রাখে এবং পরে এলোপাতাড়ি মারধর করে। হামলায় গুরুতর পেশির আঘাত পেয়েছেন বলেও জানান তিনি।

ঘটনার বর্ণনা দিয়ে মৃদুল লেখেন, রাকসুর সহ-সাংস্কৃতিক সম্পাদক রাকিবুল ইসলাম ও বহিষ্কৃত ছাত্রদল নেতা আহসান হাবীবের মধ্যে সৃষ্ট পরিস্থিতি তিনি ও অন্যান্য ক্যাম্পাস সাংবাদিক সকাল থেকেই পর্যবেক্ষণ করছিলেন। পরে আহসান হাবীব কয়েকজন নেতাকর্মীকে নিয়ে বেসবলের ব্যাট হাতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে অবস্থান নেন বলে তিনি জানান।

পরবর্তীতে আহসান হাবীব ও তার সাথে থাকা নেতাকর্মীরা পরিবহন মার্কেট থেকে শহীদ জিয়াউর রহমান হলের দিকে গেলে তাদের কার্যক্রমের ভিডিও ধারণ করতে যান সমকালের রাবি প্রতিনিধি মাঈনুল ইসলাম রাজু ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রাবি প্রতিনিধি আরিফ উজ জামান কোরবান। মৃদুলের দাবি, এ সময় তাদের ওপর হামলা করা হয়।

কোরবানের কাছ থেকে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হামলার কারণ জানতে চান মৃদুল। তার অভিযোগ, এ সময় আহসান হাবীব তাকে গলা চেপে ধরে দরজার সাথে চেপে ধরেন। এরপর বহিষ্কৃত ছাত্রদল নেতা হাসিবুল ইসলাম তাকে প্রথম আঘাত করেন এবং পরে ছাত্রদল নেতা বিশাল চক্রবর্তী তাকে এলোপাতাড়ি মারধর করেন।

মৃদুল বলেন, আগামীর সময়ের রাবি প্রতিনিধি জাহিদ তাকে ঠেকাতে এগিয়ে এলে তাকেও মারধর করা হয় এবং এতে তার মাথা ফেটে যায়।

তবে হামলার পরও সাংবাদিকতা থেকে সরে না যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন মৃদুল। পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘দিনশেষে কথা একটাই, কলম চলবে। প্রশ্ন, ক্যামেরার ফ্ল্যাশে সত্য উদঘাটন চলবেই।’

তিনি আরও লেখেন, একজন নূরআহসান মৃদুল চলে গেলেও ক্যাম্পাসে আরও অনেক মৃদুল, জাহিদ, কোরবান ও রাজু তৈরি হবে, যারা ন্যায়-অন্যায়, হাসি-কান্না এবং সত্য নিয়ে লিখবে।

উল্লেখ্য, রবিবার রাতে জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি আহসান হাবিবসহ কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। আহতদের মধ্যে রয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরিফ উজ্জামান কোরবান, আগামীর সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের প্রতিনিধি নূর আহসান মৃদুল এবং দৈনিক সমকালের প্রতিনিধি মাঈনুল ইসলাম রাজু।