রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হলের সামনে হামলার ঘটনায় সাংবাদিকদের হাতে সিসিটিভির হার্ডডিস্ক তুলে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মাহবুবার রহমান।
রবিবার (৪ অক্টোবর) রাতে হলের সামনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন।
ঘটনার পর সিসিটিভি ফুটেজ গায়েব বা নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হলে তদন্তের স্বার্থে সিসিটিভির মূল হার্ডডিস্কটি সাংবাদিকদের জিম্মায় দেওয়ার উদ্যোগ নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে প্রক্টোরিয়াল বডি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে প্রোভিসি হার্ডডিস্কটি সাংবাদিকদের হাতে তুলে দেন। একটি ভিডিওতে সিসিটিভির হার্ডডিস্ক হাতে কয়েকজনকে বের হয়ে যেতে দেখা যায়।
ভিডিওকে একজনকে বলতে শোনা যায়, আজকে এখানে একটা ঘটনা ঘটেছে। এই ঘটনার প্রেক্ষিতে আমরা প্রভোস্টের কাছে সিসিটিভি ফুটেজ চেয়েছি। প্রভোস্ট মহোদয় আমাদেরকে সিসিটিভির হার্ডডিস্ক তুলে দিয়েছেন।
এর আগে রবিবার (৪ অক্টোবর) দিনগত রাত সাড়ে ৮টার দিকে শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। আহত সাংবাদিকরা হলেন- দৈনিক আগামীর সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের নূর আহসান মৃদুল, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আরিফ উজ্জামান কোরবান এবং দৈনিক সমকালের মাঈনুল ইসলাম রাজু। প্রথমে তাদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। পরে রাত ১০টার দিকে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জানা গেছে, রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারকে ঘিরে ছাত্রদল নেতা এম আহসান হাবীবের একটি ফেসবুক পোস্টের মন্তব্যকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি পোস্ট ও অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ে। এরই ধারাবাহিকতায় রবিবার রাতে শহীদ জিয়াউর রহমান হলের সামনে হামলার ঘটনা ঘটে।


