ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে ২৪২ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তাওহীদ হৃদয়। ব্যক্তিগত অর্জনে উচ্ছ্বসিত হলেও দলের জয় না পাওয়ার আক্ষেপ রয়ে গেছে তার মনে। আড়াইশ রান কিংবা সেঞ্চুরি করতে না পারার হতাশাও পুষে রাখতে চান না এই ডানহাতি ব্যাটার। বরং আল্লাহর দেওয়া প্রাপ্তিতে সন্তুষ্ট থাকার কথাই জানিয়েছেন তিনি।
সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রকাশিত এক ভিডিও বার্তায় নিজের অনুভূতি ও ইনিংস নিয়ে কথা বলেন হৃদয়। দলের কঠিন সময়ে অবদান রাখতে পেরে ভালো লাগার কথা জানালেও ম্যাচটি জিততে পারলে আরও বেশি খুশি হতেন বলে জানান তিনি।
হৃদয় বলেন, ‘আলহামদুলিল্লাহ, যেহেতু দলের জন্য অবদান রাখতে পেরেছি, একইসাথে দলের একটা সংকটময় মুহূর্তে ভূমিকা রাখতে পেরে খুব ভালো লাগছে। তবে দিনশেষে ম্যাচটা জিততে পারলে আরও বেশি ভালো লাগত।’
নিজের ব্যাটিংয়ে এত বড় ইনিংস আসবে, তা আগে থেকে ধারণা করেননি হৃদয়। নিজের সামর্থ্য অনুযায়ী খেলার চেষ্টা করেছেন জানিয়ে তিনি বলেন, ‘অনেকেরই ইচ্ছে থাকে, আসলে প্রত্যেক খেলোয়াড়ই সব সময় নিজের সেরাটা দিতে চায়। আমি যেটা করেছি, সেটা নিজেও আগে জানতাম না যে করতে পারব। এটা আমার রিজিকে ছিল। নিজের সামর্থ্যের মধ্যে যেটুকু ছিল, সেটাই চেষ্টা করেছি। তবে যেটা বললাম, ম্যাচটা জিততে পারলে সবচেয়ে বেশি ভালো লাগত।’
ব্যক্তিগত মাইলফলক নিয়েও খুব বেশি ভাবতে চান না হৃদয়। ২৪২ রান করার পর আড়াইশ ছুঁতে না পারা কিংবা সেঞ্চুরির হিসাব নিয়ে হতাশ হওয়ার চেয়ে যা পেয়েছেন, তার জন্য কৃতজ্ঞ থাকাকেই গুরুত্বপূর্ণ মনে করেন তিনি।
এ প্রসঙ্গে হৃদয়ের বলেন, ‘আল্লাহ আমাকে যা দিয়েছেন, সেটার জন্য শুকরিয়া। সত্যি কথা বলতে আড়াইশ হয়নি বা একশ হয়নি, এ ধরনের চিন্তা না করাই ভালো। এসব চিন্তা করলে নিজের ওপর বেশি হতাশা আসে। সব মিলিয়ে যা হয়েছে, যতটুকু হয়েছে, তার জন্য আলহামদুলিল্লাহ। তবে চেষ্টা থাকবে পরবর্তীতে আরও ভালো কিছু করার, ইনশাআল্লাহ।’
এদিকে টেস্ট ক্রিকেটে দর্শকদের উপস্থিতি ও সমর্থনকেও দলের জন্য বড় অনুপ্রেরণা মনে করেন হৃদয়। পাঁচ দিনের ম্যাচেও দর্শকেরা নিয়মিত মাঠে এসে সমর্থন জানানোয় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
হৃদয় বলেন, ‘যখন একটা দেশের প্রতিনিধিত্ব করবেন, দেশের হয়ে খেলবেন, তখন দেশের মানুষের অনেক আশা থাকাটাই স্বাভাবিক। সবাই অনেক কষ্ট করে খেলা দেখতে আসেন। টেস্ট খেলা পাঁচ দিনের খেলা। এতদিন ধরে দর্শকেরা মাঠে এসে দলকে সমর্থন করছেন। পাঁচ দিনের একটা টেস্টে দর্শকরা এসে দলকে সমর্থন করলে সেটা শুধু আমাকে নয়, পুরো দলকেই আরও উজ্জীবিত করে।’



