...|...|...

রাজনীতি

সাদিক কায়েম

৭৭ হাজার পদ খালি, অথচ এনটিআরসিএ নিয়োগ নিয়ে টালবাহানা করছে সরকার

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, বিকেল ৪:৫৮
Shares
৭৭ হাজার পদ খালি, অথচ এনটিআরসিএ নিয়োগ নিয়ে টালবাহানা করছে সরকার

ডাকসু ভিপি সাদিক কায়েম। ছবি: সংগৃহীত

তিন বছর ধরে দেশের অন্যতম বড় নিয়োগ পরীক্ষা বেসরকারি শিক্ষক নিবন্ধনের কোনো বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। 

তিনি বলেন, এ বছরের এপ্রিল মাসে এনটিআরসিএ নিজেই ৭৭,৭৯৯টি শূন্য পদের তালিকা করেছে। অথচ ছয় মাস পেরিয়ে গেলেও নিবন্ধনের বিজ্ঞপ্তি না দিয়ে টালবাহানা করছে সরকার।

রবিবার (৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে একথা বলেন সাদিক কায়েম।

সাদিক কায়েম বলেন, ছয় মাস পেরিয়ে গেলেও এনটিআরসিএ নিবন্ধনের কোনো বিজ্ঞপ্তি দেয়নি সরকার। প্রশাসনিক জটিলতার অজুহাতে বারবার আটকে যাচ্ছে বিজ্ঞপ্তি। এসব নিয়ে সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে একেকবার একেক কথা বলা হচ্ছে, বারবার পরিবর্তন করা হচ্ছে সিদ্ধান্ত।

তিনি বলেন, সেপ্টেম্বরে প্রকাশিত আইএমএফ-এর ‘ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট’ (F&D) সাময়িকীর প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের প্রতি ১০০ জনের মধ্যে ৩৬ জনই বেকার। অথচ এতগুলো পদ খালি থাকার পরও নানারকম টালবাহানায় আটকে রয়েছে নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি।

ডাকসু ভিপি বলেন, দলকানা সরকার এই নিয়োগে নানারকম এক্সপেরিমেন্ট করে সময়ক্ষেপণ করছে এখন। কিন্তু প্রার্থীদের বয়স তো থেমে নেই। আপনাদের প্রশাসনিক ব্যর্থতা ও খামখেয়ালি আচরণের খেসারত কেন দেবে তরুণরা?

সাদিক কায়েম বলেন, আর কোনো টালবাহানা নয়। অক্টোবরেই এনটিআরসিএর নিয়োগ বিজ্ঞপ্তি চাই।