...|...|...

রাজনীতি

৭০ বিদ্রোহী প্রার্থীসহ পাঁচ শতাধিক বহিষ্কৃত নেতাদের দলে ফেরাতে বিএনপির উদ্যোগ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, সকাল ১১:৩৩ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৬, সকাল ১১:৩৭
Shares
৭০ বিদ্রোহী প্রার্থীসহ পাঁচ শতাধিক বহিষ্কৃত নেতাদের দলে ফেরাতে বিএনপির উদ্যোগ

ছবি: টাইমস টুডে গ্রাফিক্স

জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়া এবং বিদ্রোহী প্রার্থীদের সমর্থন করায় বহিষ্কৃত নেতাদের দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিএনপি। এ প্রক্রিয়ায় অন্তত ৭০ জন বিদ্রোহী প্রার্থীসহ পাঁচ শতাধিক নেতার বহিষ্কারাদেশ পর্যায়ক্রমে প্রত্যাহারের পরিকল্পনা রয়েছে দলটির। ইতোমধ্যে কয়েকজন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে সাংগঠনিক পদে পুনর্বহাল করা হয়েছে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের বিরোধ মিটিয়ে দলকে ঐক্যবদ্ধ ও সাংগঠনিকভাবে শক্তিশালী করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতার বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

দলীয় সূত্র জানায়, বহিষ্কৃত নেতাদের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করা অন্তত ৭০ জন বিদ্রোহী প্রার্থীকে দলে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই কেন্দ্র থেকে তাদের কাছে এ বিষয়ে চিঠি পাঠানো হতে পারে। পাশাপাশি বিদ্রোহী প্রার্থীদের পক্ষে কাজ করা এবং দলীয় সিদ্ধান্তের বাইরে ভূমিকা রাখার অভিযোগে বহিষ্কৃত তৃণমূলের আরও পাঁচ শতাধিক নেতার বিষয়েও পর্যায়ক্রমে সিদ্ধান্ত নেওয়া হবে।

এরই মধ্যে বহিষ্কারাদেশ প্রত্যাহারের অংশ হিসেবে নড়াইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে সরকার গঠন করে বিএনপি। ওই নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ের অন্তত ৭০ জন নেতা ধানের শীষের প্রার্থীদের বিরুদ্ধে স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় তাদের বহিষ্কার করা হয়। একইভাবে বিদ্রোহী প্রার্থীদের সমর্থন করায় তৃণমূলের আরও পাঁচ শতাধিক নেতাকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করে দলটি।

পরে বহিষ্কৃত নেতাদের অধিকাংশই দলে ফিরতে আবেদন করেন। তবে এখন পর্যন্ত অল্প কয়েকজনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। গত আগস্টে নড়াইল সদর, পৌরসভা ও লোহাগড়া বিএনপির ছয় নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। সর্বশেষ গত মঙ্গলবার নড়াইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে আগের পদে ফিরিয়ে দেওয়া হয়। তিনি নড়াইল-২ আসনে ধানের শীষের প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

এদিকে গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় বিএনপির বহিষ্কৃত নেতা ও ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরবের উপস্থিতিও আলোচনায় আসে। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে অনুষ্ঠিত ওই কর্মসূচিতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা নিরবকে ডেকে নিজের সাথে নেন তারেক রহমান।

নির্বাচনে জয়ী সাত বিদ্রোহী প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থীদের মধ্যে সাতজন বিজয়ী হয়েছেন। তারা হলেন—ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ব্যারিস্টার রুমিন ফারহানা, টাঙ্গাইল-৩ আসনে লুৎফর রহমান খান আজাদ, কিশোরগঞ্জ-৫ আসনে শেখ মজিবুর রহমান ইকবাল, চাঁদপুর-৪ আসনে আব্দুল হান্নান, কুমিল্লা-৭ আসনে আতিকুল আলম শাওন, ময়মনসিংহ-১ আসনে সালমান ওমর রুবেল এবং দিনাজপুর-৫ আসনে এ জেড এম রেজওয়ানুল হক।

বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থীদের মধ্যে আরও রয়েছেন বিএনপির সাবেক সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু (নাটোর-১), নির্বাহী কমিটির সাবেক সদস্য হাসান মামুন (পটুয়াখালী-৩), ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরব (ঢাকা-১২), জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ (ঝিনাইদহ-৪), যশোরের মনিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহীদ মো. ইকবাল হোসেন (যশোর-৫), টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল (টাঙ্গাইল-৫), যুবদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তরুণ দে (ব্রাহ্মণবাড়িয়া-২) এবং সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন) (সিলেট-৫)।

স্থানীয় নির্বাচন ঘিরে ঐক্যের তাগিদ

জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নকেন্দ্রিক বিরোধ ও বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কারকে কেন্দ্র করে বিএনপির তৃণমূলে যে বিভক্তি তৈরি হয়েছে, তা এখনো পুরোপুরি কাটেনি। দীর্ঘ দুই দশকের বেশি সময় পর ক্ষমতায় ফিরলেও বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের মধ্যে বিরোধ রয়ে গেছে। আগামী স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এসব বিরোধ আরও জটিল হওয়ার আশঙ্কা করছে দলটির নীতিনির্ধারণী মহল।

বহিষ্কৃত নেতাদের অনেকেই ইতোমধ্যে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। দলে ফেরার সুযোগ না পেলে স্থানীয় নির্বাচনের বিভিন্ন পর্যায়ে স্বতন্ত্র প্রার্থী দেওয়ার পরিকল্পনাও রয়েছে তাদের।

বহিষ্কৃত নেতাদের দাবি, জাতীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের অনেকেই উল্লেখযোগ্যসংখ্যক ভোট পেয়েছেন। নিজ নিজ এলাকায় তাদের সমর্থক ও কর্মী-সমর্থকদের অবস্থান এখনও রয়েছে। ফলে দল থেকে বহিষ্কৃত হলেও স্থানীয় রাজনীতিতে তাদের প্রভাব কমেনি।

অন্যদিকে জাতীয় নির্বাচনের সাফল্য স্থানীয় সরকার নির্বাচনেও ধরে রাখতে চায় বিএনপি। এ অবস্থায় বিদ্রোহী নেতাদের সাথে বিরোধ অব্যাহত থাকলে নির্বাচনে দলীয় ঐক্য ধরে রাখা কঠিন হতে পারে বলে মনে করছেন নীতিনির্ধারকরা।

আগামী ২১ জানুয়ারি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে। এবারের নির্বাচন নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে। নির্বাচন সামনে রেখে সাংগঠনিক পুনর্গঠন এবং তৃণমূলের বিভেদ নিরসনে গুরুত্ব দিচ্ছে বিএনপি।

দলটির নীতিনির্ধারকদের মতে, বহিষ্কৃত হলেও এসব নেতার অনেকেই স্থানীয় রাজনীতিতে সক্রিয় রয়েছেন। দলীয় কর্মসূচি ও রাজনৈতিক কর্মকাণ্ডেও তাদের অংশগ্রহণ রয়েছে। তাদের ফিরিয়ে আনা গেলে সংগঠনের শক্তি বাড়বে এবং স্থানীয় সরকার নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর সংখ্যা কমিয়ে আনা সম্ভব হবে।

বিএনপির দলীয় হিসাব অনুযায়ী, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে দলটির দুই থেকে তিনজন করে সম্ভাব্য প্রার্থী রয়েছেন। কোনো কোনো এলাকায় এ সংখ্যা আরও বেশি। অতীত অভিজ্ঞতা বিবেচনায় তৃণমূলের ঐক্য নিশ্চিত করে একক প্রার্থী দেওয়ার পরিবেশ তৈরির ওপর জোর দিচ্ছে দলটি। একই সাথে সরকার পরিচালনার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম সচল রাখার পরিকল্পনাও রয়েছে।

এ ছাড়া সাম্প্রতিক সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ নিয়েও উদ্বিগ্ন বিএনপি। বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগ, থানায় আগুন ও দলীয় কার্যালয়ে ভাঙচুরের মতো ঘটনা ঘটছে। এসব পরিস্থিতি মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সাংগঠনিকভাবে শক্তিশালী রাখার প্রয়োজনীয়তা অনুভব করছে দলটির নীতিনির্ধারণী মহল।

যা বললেন রিজভী

বহিষ্কৃত নেতাদের দলে ফেরানোর বিষয়ে জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় যারা বহিষ্কৃত হয়েছিলেন, দলে ফিরতে ভুল স্বীকার করে তাদের প্রায় সবাই আবেদন করেছেন। তবে প্রতিটি আবেদনের ধরন ও প্রেক্ষাপট এক নয়।

স্থানীয় বাস্তবতা বিবেচনায় যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা জরুরি কিংবা যাদের অপরাধ ততটা গুরুতর নয়, তাদের আবেদন গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি। বিএনপি চেয়ারম্যান এভাবেই বিষয়গুলো বিবেচনা করছেন বলেও উল্লেখ করেন রিজভী।

সূত্র: যুগান্তর