...|...|...

বিশ্ব

৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, দুপুর ১:৫৯
Shares
৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

ছবি: সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খিজদার জেলায় রিখটার স্কেলে ৫.৯ মাত্রার একটি মাঝারি ধরনের শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া অধিদপ্তর এই তথ্য নিশ্চিত করেছে।

শনিবার (১৭ অক্টোবর) পাকিস্তানের আবহাওয়া অধিদফতরের সামাজিক মাধ্যম এক্সে প্রকাশিত তথ্য অনুযায়ী, সকাল ১০টা ৭ মিনিটে এই ভূমিকম্পটি আঘাত হানে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ২৫ কিলোমিটার গভীরে।

খিজদার থেকে প্রায় ৪৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে, উত্তর অক্ষাংশের ২৮.০২ ডিগ্রি এবং পূর্ব দ্রাঘিমার ৬৬.২০ ডিগ্রিতে ভূমিকম্পটির কেন্দ্রস্থল অবস্থিত ছিল। দেশটির রাজধানী ইসলামাবাদে অবস্থিত আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া ও সিসমিক ডেটা কেন্দ্র থেকে এই তথ্য প্রকাশ করা হয়।

সংবাদ মাধ্যম ডনের তথ্যমতে, গত কয়েক মাসের ভূকম্পন পরিস্থিতি এর আগে গত আগস্ট মাসে ঝোব ও চমনসহ বেলুচিস্তানের বিভিন্ন অংশে ৪.৮ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল।

সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, ওই ভূমিকম্পটির গভীরতা ছিল ১৫ কিলোমিটার এবং এর কেন্দ্রস্থল ছিল ১২২ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে। সেই ভূকম্পনে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ভয়ে বহু মানুষ ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পবিত্র কোরআন থেকে আয়াত পাঠ করতে শুরু করেন। তবে ওই ঘটনায় কোনো প্রাণহানি বা সম্পত্তির ক্ষতির খবর পাওয়া যায়নি।

এছাড়া গত জুলাই মাসে কোয়েটা, জিয়ারত, হারনাই এবং এর আশপাশের এলাকায় ৪ মাত্রার একটি মাঝারি ধরনের ভূমিকম্প আঘাত হানে, যার ফলে আতঙ্কে মানুষ ঘরবাড়ি ছেড়ে ফাঁকা জায়গায় আশ্রয় নিতে বাধ্য হয়। তবে ওই অঞ্চলেও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, পাকিস্তান ভূখণ্ডটি প্রধানত তিনটি বড় টেকটোনিক প্লেট—আরবি, ইউরেশীয় এবং ভারতীয় প্লেটের সংযোগস্থলের ওপর অবস্থিত, যা দেশটিতে মোট পাঁচটি প্রধান ভূকম্পন অঞ্চল বা সিসমিক জোন তৈরি করেছে। একাধিক ফল্ট লাইনের এই সংমিশ্রণের কারণে অঞ্চলটিতে প্রায় নিয়মিত বিরতিতে টেকটোনিক বা ভূত্বকীয় প্লেটের নড়াচড়া ও ভূমিকম্প সংঘটিত হয়ে থাকে।