...|...|...

খেলা

৫৯ কোটি টাকার বিএমডব্লিউ উপহার রিয়ালের তারকাদের, কে পেলেন কোন গাড়ি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৪৫
Shares
৫৯ কোটি টাকার বিএমডব্লিউ উপহার রিয়ালের তারকাদের, কে পেলেন কোন গাড়ি

ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদের খেলোয়াড় ও কোচিং স্টাফের সদস্যদের বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি উপহার দিয়েছে জার্মানির গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। ভিনিসিয়ুস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহামসহ দলের তারকারা নিজেদের পছন্দ অনুযায়ী বেছে নিয়েছেন বিভিন্ন মডেলের গাড়ি। সব মিলিয়ে উপহার দেওয়া গাড়িগুলোর বাজারমূল্য প্রায় ৫৯ কোটি টাকা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে স্পেনের সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে খেলোয়াড় ও ক্লাব কর্মকর্তাদের হাতে গাড়ির চাবি তুলে দেওয়া হয়। রিয়াল মাদ্রিদ ও বিএমডব্লিউর মধ্যকার অংশীদারত্বের অংশ হিসেবে এই উপহার দেওয়া হয়েছে।

২০২২ সালে দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। সেই হিসাবে এটি রিয়াল মাদ্রিদের সাথে বিএমডব্লিউর অংশীদারত্বের পঞ্চম মৌসুম। এর আগে স্প্যানিশ ক্লাবটির গাড়ি সরবরাহের দায়িত্বে ছিল অডি। বর্তমান চুক্তির আওতায় পুরুষ ও নারী ফুটবল দলের পাশাপাশি ক্লাবের বাস্কেটবল দলের খেলোয়াড় ও কর্মকর্তারাও বিএমডব্লিউ গাড়ি ব্যবহারের সুযোগ পাচ্ছেন।

স্পোর্ট বাইবেলের প্রতিবেদন অনুযায়ী, এবার উপহার দেওয়া গাড়িগুলোর সম্মিলিত মূল্য ৩৬ লাখ ৬৩ হাজার ২১৭ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫৯ কোটি টাকা।

গাড়ির মডেল বাছাইয়ে সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে বিএমডব্লিউ এক্সএম লেবেলের প্রতি। জুড বেলিংহাম, থিবো কোর্তোয়া, ব্রাহিম দিয়াজ ও ট্রেন্ট আলেকজান্ডার-আরনল্ডসহ মোট ১৫ জন এই মডেলটি পছন্দ করেছেন। প্লাগ-ইন হাইব্রিড প্রযুক্তির গাড়িটিতে রয়েছে ভি৮ পেট্রল ইঞ্জিন ও বৈদ্যুতিক মোটর। দুই প্রযুক্তির সমন্বয়ে এটি সর্বোচ্চ ৭৪৮ অশ্বক্ষমতা উৎপন্ন করতে সক্ষম।

তবে দলের দুই বড় তারকা ভিনিসিয়ুস জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পের পছন্দে রয়েছে ভিন্নতা। ভিনিসিয়ুস নিয়েছেন বিএমডব্লিউ আই৭ ৬০ এক্সড্রাইভ, আর এমবাপ্পে বেছে নিয়েছেন আইএক্স৩ ৫০ এক্সড্রাইভ। অন্যদিকে এদুয়ার্দো কামাভিঙ্গা ও কোচিং স্টাফের সদস্য জোসে মরিনহো পছন্দ করেছেন আইএক্স এক্সড্রাইভ৬০ মডেল।

কার পছন্দ কোন গাড়ি

বিএমডব্লিউর প্রকাশিত তালিকা অনুযায়ী, রিয়াল মাদ্রিদের খেলোয়াড় ও কর্মকর্তাদের গাড়ির পছন্দের তালিকা হলো

বিএমডব্লিউ এক্সএম লেবেল: ডেনজেল ডামফ্রিস, আসেনসিও, আলভারো কারেরাস, রদ্রিগো, বের্নার্দো সিলভা, ব্রাহিম দিয়াজ, জুড বেলিংহাম, ডিন হুইসেন, থিবো কোর্তোয়া, ইব্রাহিমা কোনাতে, ট্রেন্ট আলেকজান্ডার-আরনল্ড, অরেলিয়েঁ চুয়ামেনি, আর্দা গুলের, ফেরলাঁ মেন্দি ও আন্তোনিও রুডিগার।

বিএমডব্লিউ এম৫ সেডান: এদের মিলিতাও ও আন্দ্রি লুনিন।

বিএমডব্লিউ এক্স৭ এম৬০আই এক্সড্রাইভ: মার্ক কুকুরেয়া।

বিএমডব্লিউ আই৭ ৬০ এক্সড্রাইভ: ভিনিসিয়ুস জুনিয়র, কার্লোস এসপি ও এনিদ্রিক।

বিএমডব্লিউ আইএক্স এক্সড্রাইভ৬০: জোসে মরিনহো ও এদুয়ার্দো কামাভিঙ্গা।

বিএমডব্লিউ আইএক্স৩ ৫০ এক্সড্রাইভ: কিলিয়ান এমবাপ্পে, থিয়াগো পিতার্চ ও ইয়ান দিওমান্দে।

বিএমডব্লিউ আইএক্স২ এক্সড্রাইভ৩০: ফেদেরিকো ভালভের্দে।

এদিকে রিয়াল মাদ্রিদের সাথে অংশীদারত্ব নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বিএমডব্লিউ স্পেন ও পর্তুগালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মানুয়েল তেরোবা। তার মতে, রিয়াল মাদ্রিদ বিশ্বের অন্যতম সেরা ক্রীড়া ক্লাব হওয়ার পাশাপাশি নিজেদের প্রতিনিয়ত উন্নত করার মাধ্যমে নেতৃত্ব, গুণগত মান ও শ্রেষ্ঠত্বের দৃষ্টান্ত স্থাপন করছে।

টেকসই উন্নয়ন, সংহতি, বৈচিত্র্য এবং জয়ের মানসিকতার প্রতি ক্লাবটির অঙ্গীকারের কথাও তুলে ধরেন তিনি। এসব বৈশিষ্ট্যের কারণে বর্তমান ও ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় রিয়াল মাদ্রিদকে আদর্শ অংশীদার হিসেবে বিবেচনা করেন তেরোবা।

মাঠের পারফরম্যান্সেও দারুণ সময় পার করছে স্প্যানিশ ক্লাবটি। লা লিগার চলতি মৌসুমে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে তারা। অন্যদিকে উয়েফা চ্যাম্পিয়নস লিগে প্রথম পাঁচ ম্যাচের সবকটিতে জয় নিয়ে এককভাবে শীর্ষস্থান ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ।