আওয়ামী লীগের নেতাদের ব্যবসা-বাণিজ্য এখনো চালু রয়েছে এবং সেখান থেকে পাওয়া অর্থ নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যয় করা হচ্ছে বলে দাবি করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। একই সাথে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে প্রকাশ্যে ফাঁসির রায় কার্যকরের দাবি জানিয়েছেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নি-সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন বিএনপির এই নেতা।
সমাবেশে দুলু বলেন, ৫০ বছর আগের যুদ্ধাপরাধের দায়ে যদি কারও ফাঁসি হতে পারে, তাহলে শেখ হাসিনারও ফাঁসি হবে।
উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত এ কর্মসূচিতে অন্য বক্তারা বলেন, অবাধ নির্বাচনের মধ্য দিয়ে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। ফলে পাঁচ বছর মেয়াদ পূর্ণ হওয়ার আগে এই সরকারকে ক্ষমতা থেকে সরানোর কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেন তারা।


