...|...|...

বিশ্ব

৪৬ বছর পর আমাজন থেকে বেরিয়ে এলো বিচ্ছিন্ন জনগোষ্ঠী, চাইল খাবার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, রাত ৯:৫৪ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৬, রাত ১০:০০
Shares
৪৬ বছর পর আমাজন থেকে বেরিয়ে এলো বিচ্ছিন্ন জনগোষ্ঠী, চাইল খাবার

ছবি: সংগৃহীত

বহু বছর ধরে বাইরের বিশ্বের সাথে কোনো যোগাযোগ না রাখা আমাজনের বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠী আওয়াদের প্রায় ২০ সদস্য বন থেকে বেরিয়ে এসে সরকারি একটি দলের সাথে যোগাযোগ করেছেন। 

সোমবার (১৬ নভেম্বর) ব্রাজিলের আমাজন অঞ্চলে ঘটে যাওয়া এই বিরল মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করা হয়।

আন্তর্জাতিক আদিবাসী অধিকারবিষয়ক সংস্থা সারভাইভাল ইন্টারন্যাশনাল সম্প্রতি সেই দৃশ্য প্রকাশ করেছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, বন থেকে বেরিয়ে আসা আওয়া সদস্যরা সরকারি দলের কাছে কাসাভা বা মিষ্টি আলু চান। পরে খাবার নিয়ে তারা আবার বনের ভেতরে ফিরে যান। ঘটনাটি ভিডিও করেন প্রতিবেশী গুয়ারাজারা জনগোষ্ঠীর সদস্যরা।

ব্রাজিলের আমাজন অঞ্চলে বসবাসকারী আওয়া জনগোষ্ঠীর মোট সদস্যসংখ্যা প্রায় ৩৫০। এর মধ্যে আনুমানিক ১০০ জন এখনও বহির্বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় বসবাস করেন।

তারা মূলত তুপি-গুয়ারানি ভাষাপরিবারের গুয়াজা ভাষায় কথা বলেন। শিকার ও বনজ সম্পদ সংগ্রহ করেই তাদের জীবিকা চলে।

সারভাইভাল ইন্টারন্যাশনাল জানিয়েছে, আওয়াদের এই আকস্মিক যোগাযোগ তাদের জীবন ও আবাসস্থলের ওপর ক্রমবর্ধমান হুমকির বিষয়টিও সামনে এনেছে।

অবৈধ কাঠুরে, শিকারি ও গবাদিপশুর খামারিরা দীর্ঘদিন ধরে তাঁদের আবাসস্থল আরারিবোইয়া অঞ্চলে প্রবেশ করছে। এতে বননির্ভর এই জনগোষ্ঠীর খাদ্য ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে।

আওয়াদের ভূমি রক্ষায় দীর্ঘদিন ধরে কাজ করছে প্রতিবেশী গুয়ারাজারা জনগোষ্ঠীর ‘ফরেস্ট গার্ডিয়ানস’ বা বনপ্রহরী দল। অবৈধ কাঠুরে ও খামারিদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে সাম্প্রতিক বছরগুলোতে এই দলের অনেক সদস্য প্রাণ হারিয়েছেন।

এক বিবৃতিতে বনপ্রহরীরা জানিয়েছেন, জলবায়ু পরিবর্তন, দাবানল, বন উজাড় এবং ভূমি দখল আওয়াদের জীবনযাত্রায় সরাসরি প্রভাব ফেলছে।

তারা আদিবাসীদের জীবন, স্বাস্থ্য, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় দ্রুত সরকারি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

সারভাইভাল ইন্টারন্যাশনালের পরিচালক ক্যারোলিন পিয়ার্স বলেন, বিচ্ছিন্ন জনগোষ্ঠীর বনাঞ্চলে অব্যাহত অনুপ্রবেশ তাদের অস্তিত্বের জন্য গুরুতর হুমকি তৈরি করছে।

তার ভাষ্য, চারদিক থেকে বন ধ্বংস করে আওয়াদের ক্রমেই ছোট একটি এলাকায় সীমাবদ্ধ করে ফেলা হচ্ছে। আরারিবোইয়া অঞ্চলে তাদের আবাসভূমি রক্ষায় ব্রাজিল সরকারকে প্রয়োজনীয় সম্পদ ও কার্যকর উদ্যোগ নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, ১৯৮০-এর দশকের মাঝামাঝি সময়ে আওয়াদের একটি অংশ সরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত বসতিতে স্থানান্তরিত হয়েছিল। তবে তারা এখনও নিজেদের ঐতিহ্যবাহী জীবনধারার বড় অংশ ধরে রেখেছেন।