...|...|...

বিশ্ব

৪৬ বছরের ইতিহাসে স্বর্ণের দামে রেকর্ড পতন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, বিকেল ৪:৪৭
Shares
৪৬ বছরের ইতিহাসে স্বর্ণের দামে রেকর্ড পতন

ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন দেখা দিয়েছে ২০২৬ সালে। বছরের শুরুতে রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর দর কমেছে ৩২ শতাংশেরও বেশি। এতে উদ্বেগে পড়েছেন বিনিয়োগকারীরা। প্রশ্ন উঠেছে, স্বর্ণের দাম আবার আগের সর্বোচ্চ অবস্থানে ফিরতে কত সময় লাগবে?

ভারতের সংবাদমাধ্যম লাইভমিন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, অতীতের বাজার বিশ্লেষণ অনুযায়ী, বড় ধরনের দরপতনের পর স্বর্ণের আগের অবস্থানে ফিরতে ৭ থেকে ৮ বছর পর্যন্ত সময় লাগতে পারে।

লাইভমিন্টের প্রতিবেদনে বলা হয়, এমসিএক্সের তথ্য অনুযায়ী, ২১ নভেম্বর ২০২৬ ভারতে প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম ছিল ভারতীয় মুদ্রায় প্রায় ১ লাখ ২২ হাজার রুপি। অথচ চলতি বছরের জানুয়ারিতে দাম উঠেছিল প্রায় ১ লাখ ৮০ হাজার রুপিতে। অর্থাৎ বছরের সর্বোচ্চ দরের তুলনায় স্বর্ণের দাম কমেছে ৩২ শতাংশেরও বেশি।

ফান্ডস ইন্ডিয়ার নভেম্বর ২০২৬-এর ‘ওয়েলথ কনভারসেশনস’ প্রতিবেদনে স্বর্ণের অতীতের বাজারচক্র বিশ্লেষণ করা হয়েছে। এতে দেখা গেছে, ৩০ শতাংশের বেশি দরপতনের পর আগের সর্বোচ্চ দামে ফিরতে ঐতিহাসিকভাবে প্রায় ৭ থেকে ৮ বছর সময় লেগেছে। বিশ্লেষণে ১৯৮০, ১৯৯৬ ও ২০১২ সালের তিনটি বড় দরপতনের চিত্র তুলে ধরা হয়েছে।

তিনটি সময়ের মধ্যে সবচেয়ে বড় দরপতন হয়েছিল ১৯৮০ সালে। সে সময় স্বর্ণের দাম প্রতি ৩১ দশমিক ১০৩৫ গ্রাম বা এক ট্রয় আউন্সে ৬ হাজার ৫৫৫ রুপি থেকে কমে ১৯৮২ সালের জুনে দাঁড়ায় ২ হাজার ৮৩৭ রুপিতে। অর্থাৎ দাম কমেছিল ৫৭ শতাংশ। এরপর আগের সর্বোচ্চ দামে ফিরতে স্বর্ণের সময় লাগে আরও ৭ বছর ৫ মাস। সব মিলিয়ে পতন ও পুনরুদ্ধারের পুরো চক্র সম্পন্ন হতে সময় লেগেছিল ৯ বছর ১১ মাস, অর্থাৎ প্রায় এক দশক।

অন্যদিকে, ১৯৯৬ সালের দরপতন ছিল ৩১ শতাংশ। সে সময় স্বর্ণের দাম সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন অবস্থানে পৌঁছাতে সময় নেয় ৩ বছর ৫ মাস। এরপর আগের সর্বোচ্চ দামে ফিরতে লাগে আরও ২ বছর ১০ মাস। পুরো চক্র সম্পন্ন হতে সময় লেগেছিল ৬ বছর ৪ মাস।

একইভাবে, ২০১২ সালের নভেম্বরে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর স্বর্ণের দাম কমে যায় ২৯ শতাংশ। পরবর্তী সময়ে ২০১৯ সালের জুনে তা আবার আগের সর্বোচ্চ অবস্থানে ফিরে আসে। এই পুরো চক্র সম্পন্ন হতে সময় লাগে ৬ বছর ৭ মাস।

প্রতিবেদনের গড় হিসাব অনুযায়ী, স্বর্ণের দাম আগের সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায়ে নামতে সময় লেগেছে ২ বছর ৮ মাস। এরপর আগের সর্বোচ্চ দামে ফিরতে লেগেছে আরও ৪ বছর ৭ মাস। অর্থাৎ দরপতন ও পুনরুদ্ধারের পুরো চক্র সম্পন্ন হতে গড়ে সময় লেগেছে প্রায় ৭ বছর ৬ মাস।

লাইভমিন্টের বিশ্লেষণ বলছে, ২০২৬ সালে স্বর্ণের প্রায় ৩২ শতাংশ দরপতন ১৯৯৬ ও ২০১২ সালের বাজারচক্রের পতনের সঙ্গে তুলনীয়। ওই দুই ক্ষেত্রেই পতন ও পুনরুদ্ধারের পুরো চক্র সম্পন্ন হতে প্রায় ৬ থেকে ৭ বছর সময় লেগেছিল। তবে বর্তমান বাজার পরিস্থিতি ও অর্থনৈতিক নিয়ামকের ওপর নির্ভর করে এবার পুনরুদ্ধারের সময়কাল ভিন্ন হতে পারে।

বিনিয়োগকারীদের জন্য মূল বার্তা হলো, স্বর্ণের দাম দ্রুতই ২০২৬ সালের জানুয়ারির সর্বোচ্চ পর্যায়ে ফিরে আসবে—এমন ধারণা নিয়ে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্রে সাম্প্রতিক দরপতনের পাশাপাশি সামগ্রিক সম্পদ বণ্টন, বিনিয়োগে বৈচিত্র্য এবং নিজের ঝুঁকি নেওয়ার সক্ষমতা বিবেচনায় রাখা জরুরি।

অতীতের বাজারচক্র বলছে, বড় দরপতনের পর স্বর্ণের ঘুরে দাঁড়ানোর পথ দীর্ঘ হতে পারে। তাই বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো না করে ধৈর্য ও পরিকল্পনার ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা।