...|...|...

সারাদেশ

৪৫ বছর পর ঢাক বাজিয়ে জমির দখল বুঝিয়ে দিল আদালত

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, দুপুর ২:৩২
Shares
৪৫ বছর পর ঢাক বাজিয়ে জমির দখল বুঝিয়ে দিল আদালত

চট্টগ্রামের আনোয়ারায় ৪ একর ৯ শতক জমি নিয়ে ৪৫ বছর ধরে চলা বিরোধের অবসান হয়েছে। আদালতের রায়ের পর প্রশাসনের উপস্থিতিতে জমির অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রকৃত মালিকপক্ষকে দখল বুঝিয়ে দেওয়া হয়েছে। এ সময় ঢাক বাজিয়ে দখল বুঝিয়ে দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

রবিবার (৪ অক্টোবর) উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামে এ ঘটনা ঘটে।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, ১৯৮১ সালে ওই এলাকার মলকা বানু গং ও আবদুস সোবহানের মধ্যে ৪ একর ৯ শতক জমি নিয়ে বিরোধের সৃষ্টি হয়। পরে মলকা বানু বাদী হয়ে পটিয়া আদালতে দেওয়ানি মামলা করেন। মামলার বাদী-বিবাদী মারা গেলেও তাদের উত্তরসূরিরা দীর্ঘদিন ধরে আইনি লড়াই চালিয়ে যান।

২০২৫ সালে আদালতের রায়ে মলকা বানু গংকে ওই জমির মালিক হিসেবে ঘোষণা করা হয়। একই সাথে জমিটি তাদের দখলে বুঝিয়ে দিতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়।

এর ধারাবাহিকতায় রবিবার দুপুর ১২টার দিকে আদালতের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের নাজির, সার্ভেয়ার, অ্যাডভোকেট কমিশনার ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। পরে জমিতে থাকা অবৈধ ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়। লাল পতাকা টাঙিয়ে জমির সীমানা নির্ধারণের পর মলকা বানুর বোন মরিয়ম বেগমকে দখল বুঝিয়ে দেওয়া হয়। এ সময় ঢাক বাজিয়ে জমির দখল বুঝিয়ে দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

মলকা বানুর ছেলে আহমদুল হক বলেন, আবদুস সোবহান গংয়ের পরিবারের সদস্য বেশি থাকায় তারা তাদের মা-বাবার মালিকানাধীন সম্পত্তি জোর করে দখল করেছিলেন। দীর্ঘ আইনি লড়াইয়ের পর তারা জমির দখল ফিরে পেয়েছেন। তবে তার মা-বাবা জীবদ্দশায় জমিটি নিজেদের দখলে দেখে যেতে পারেননি বলে আক্ষেপ করেন তিনি।

পটিয়া যুগ্ম জেলা জজ আদালতের নাজির অনি গুপ্ত বলেন, আদালতের রায়ের ভিত্তিতে ঢাকঢোল পিটিয়ে জমি বুঝিয়ে দেওয়া হয়েছে। এ সময় কোনো ধরনের ঝামেলা হয়নি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু জাফর মজুমদার বলেন, আদালতের নির্দেশে বাদী পক্ষকে জমি বুঝিয়ে দেওয়া হয়েছে। এ সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।