...|...|...

রাজনীতি

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:২৭ | আপডেট: ৫ অক্টোবর ২০২৬, রাত ৮:৫১
Shares
৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

ছবি: সংগৃহীত

ন্যায়বিচার প্রতিষ্ঠা, রাষ্ট্রীয় জবাবদিহি নিশ্চিত করা এবং জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দাবিতে ৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। আগামী ৭ অক্টোবর পঞ্চগড়ের বাংলাবান্ধা থেকে শুরু হয়ে দেশের দক্ষিণের সীমান্ত এলাকা টেকনাফের জিরো পয়েন্টে গিয়ে কর্মসূচি শেষ করার কথা রয়েছে।

সোমবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক মতবিনিময় সভায় কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সভায় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, লেখক, অ্যাক্টিভিস্ট, জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তি এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবেরের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সংগঠনটির সদস্যসচিব ফাতেমা তাসনিম জুমা। সভায় কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরে জানানো হয়, ৩৬ দিনের এই যাত্রায় দেশের বিভিন্ন এলাকায় পদযাত্রা, পথসভা ও সমাবেশ করা হবে। এর মাধ্যমে সাধারণ মানুষের সাথে সরাসরি যোগাযোগের পাশাপাশি ন্যায়বিচার ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার পক্ষে জনমত গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, উত্তরবঙ্গ থেকে ঢাকার দিকে অগ্রসর হবে ‘মার্চ ফর ইনসাফ’। আগামী ২১ অক্টোবর রাজধানীর শাহবাগে শহীদ শরীফ ওসমান হাদি চত্বরে একটি সমাবেশ করা হবে। এরপর সেখান থেকে মার্চটি দেশের পূর্বাঞ্চলের দিকে যাত্রা করবে।

কর্মসূচির ঘোষিত তিন দফা দাবির মধ্যে রয়েছে—শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা, গণভোটের গণরায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, পিলখানা ও শাপলা গণহত্যার বিচার নিশ্চিত করা।

সভায় বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা প্রয়োজন। তাদের মতে, এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার এখন জাতীয় দাবিতে পরিণত হয়েছে।

মতবিনিময় সভায় আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বাংলাদেশ আজাদ পার্টির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল হাসিনুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমদ খান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিস সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।

এ ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফয়সাল, বাংলাদেশ গ্রিন পার্টির মুখপাত্র ইউসুফ আম্মার, কবি বোরহান মাহমুদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান, সাধারণ আলেম সমাজের সাধারণ সম্পাদক কবির হোসেন, জুলাইয়ে চোখ হারানো যোদ্ধা আব্দুল্লাহ আল শাফিল, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ এবং জেডিপির আহ্বায়ক নাঈম আহমদসহ অন্যরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় অংশ নেওয়া নেতারা ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির  সাথ সংহতি প্রকাশ করেন। একই সাথে ন্যায়বিচারের দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে নিজ নিজ অবস্থান থেকে সর্বস্তরের মানুষকে যুক্ত হওয়ার আহ্বান জানান তারা।