ভোক্তা পর্যায়ে ১২ কেজি ওজনের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম আবারও বাড়ানো হয়েছে। ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা এর আগে ছিল ১ হাজার ৮৩৭ টাকা।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক প্রজ্ঞাপনের মাধ্যমে দাম বাড়ানোর এই ঘোষণা দেয়। নতুন এই দাম সোমবার রাত আটটা থেকেই কার্যকর হয়েছে।
এর আগে, সেপ্টেম্বরে ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৫৮৫ টাকা। ফলে সেপ্টেম্বর মাসের তুলনায় সব মিলিয়ে গত দুই মাসে শুধু ১২ কেজি সিলিন্ডারের দাম বেড়েছে ৪৭৫ টাকা।
প্রজ্ঞাপনে এলপিজির অন্যান্য সাইজের সিলিন্ডারের নতুন দামও ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাড়ে ৫ কেজি সিলিন্ডারের দাম ৯৪৪ টাকা, সাড়ে ১২ কেজি ২ হাজার ১৪৬ টাকা, ১৫ কেজি ২ হাজার ৫৭৫ টাকা, ১৬ কেজি ২ হাজার ৭৪৭ টাকা, ১৮ কেজি ৩ হাজার ৯০ টাকা, ২০ কেজি ৩ হাজার ৪৩৪ টাকা, ২২ কেজি ৩ হাজার ৭৭৭ টাকা, ২৫ কেজি ৪ হাজার ২৯২ টাকা, ৩০ কেজি ৫ হাজার ১৫০ টাকা, ৩৩ কেজি ৫ হাজার ৬৬৫ টাকা, ৩৫ কেজি ৬ হাজার ৯ টাকা এবং ৪৫ কেজি সিলিন্ডারের দাম ৭ হাজার ৭২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
চলতি বছরে বিইআরসির তথ্য বলছে, বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৩০৬ টাকা। ফেব্রুয়ারিতে তা ৫০ টাকা বেড়ে ১ হাজার ৩৫৬ টাকা হলেও মার্চে সামান্য কমে ১ হাজার ৩৪১ টাকা হয়। এরপর এপ্রিলে এক লাফে ৩৮৭ টাকা বেড়ে দাম দাঁড়ায় ১ হাজার ৭২৮ টাকায় এবং মে মাসে আরও ২১২ টাকা বেড়ে হয় ১ হাজার ৯৪০ টাকা।
তবে মে মাসের পর থেকে কয়েক মাস এলপিজির দাম কিছুটা নিম্নমুখী ছিল। জুনে ৫৫ টাকা কমে দাম ১ হাজার ৮৮৫ টাকা এবং জুলাইয়ে বড় পতনের পর ৩৫৭ টাকা কমে ১ হাজার ৫২৮ টাকায় নেমে আসে। এরপর আগস্টে ৭০ টাকা বেড়ে ১ হাজার ৫৯৮ টাকা এবং সেপ্টেম্বরে ১৩ টাকা কমে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।


