সাত দিনের সফরে বাংলাদেশে আসছেন বিশ্ববরেণ্য ইসলামী স্কলার, পাকিস্তানের প্রখ্যাত আলেম ও ফকিহ শায়খুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানি। আগামী ২২ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত তিনি দেশের বিভিন্ন মাদরাসা, ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় সম্মেলনে অংশ নেবেন।
সফরসূচির অংশ হিসেবে আগামী ২৭ নভেম্বর, শুক্রবার, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার আগে বয়ান করবেন এবং নামাজে ইমামতি করবেন তিনি।
বুধবার (১১ নভেম্বর) ঢাকার শায়খ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা মুফতি মিজানুর রহমান সাঈদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মুফতি তাকি উসমানির চূড়ান্ত সফরসূচি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বার্ধক্যজনিত দুর্বলতা ও শারীরিক অসুস্থতার কারণে তার সফরসূচিতে এর আগে কয়েক দফা পরিবর্তন আনা হয়েছিল। পরে গত ৬ নভেম্বর পূর্বনির্ধারিত অনেক গুরুত্বপূর্ণ কর্মসূচি বাদ দিয়ে সীমিত কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
চূড়ান্ত সূচি অনুযায়ী, ২২ নভেম্বর বাদ মাগরিব বা বাদ এশা শায়খ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার, ঢাকায় ১৫ সালা দস্তারবন্দি ও আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন তিনি।
২৩ নভেম্বর বাদ এশা জামিয়া আরাবিয়া ফরিদাবাদের উদ্যোগে ধূপখোলা মাঠে ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলনে যোগ দেবেন। ২৪ নভেম্বর সকাল ১০টায় চট্টগ্রামের দারুল উলূম হাটহাজারী মাদরাসায় ওলামা সম্মেলনে অংশ নেবেন তিনি।
২৫ নভেম্বর বাদ এশা সিলেট আলিয়া মাদরাসা মাঠে ইসলামী মহাসম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে। একই দিন বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নরসিংদীর হেরিটেজ রিসোর্টে যাত্রাবিরতি করবেন।
২৬ নভেম্বর বাদ মাগরিব বেফাক ও হাইআতুল উলয়া আয়োজিত ওলামা সম্মেলনে অংশ নেবেন মুফতি তাকি উসমানি।
২৭ নভেম্বর দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার খুতবা ও বয়ান করবেন তিনি। একই দিন বাদ এশা কেরানীগঞ্জের জামিয়া হাকীমুল উম্মতে ইসলাহি বয়ান করবেন।
সফরের শেষ দিন ২৮ নভেম্বর বাদ মাগরিব যাত্রাবাড়ীর জামিয়া মাদানিয়ায় দরসে বুখারিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
বিজ্ঞপ্তিতে মুফতি মিজানুর রহমান সাঈদ দেশের আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিদের কাছে মুফতি তাকি উসমানির সুস্থতা এবং নিরাপদ সফরের জন্য বিশেষ দোয়া কামনা করেছেন।
মুফতি মুহাম্মদ তাকি উসমানি বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় ইসলামী স্কলার, ফকিহ, মুহাদ্দিস এবং আধুনিক ইসলামী অর্থনীতির গুরুত্বপূর্ণ চিন্তাবিদ হিসেবে পরিচিত। ১৯৪৩ সালে ভারতের দেওবন্দে জন্ম নেওয়া এই আলেম পাকিস্তানের সাবেক প্রধান মুফতি মুহাম্মদ শফি উসমানি (রহ.)-এর সন্তান।
তিনি বর্তমানে জামিয়া দারুল উলুম করাচির মুহতামিম ও শাইখুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি পাকিস্তান সুপ্রিম কোর্টের শরিয়ত আপিল বেঞ্চের সাবেক বিচারপতি এবং সৌদি আরবভিত্তিক অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের আন্তর্জাতিক ইসলামি ফিকহ একাডেমির স্থায়ী সদস্য। আরবি, উর্দু ও ইংরেজিতে তাফসির, হাদিস ও ইসলামী অর্থনীতিবিষয়ক তার শতাধিক গ্রন্থ রয়েছে।


