...|...|...

বিশ্ব

২০৩০ সালের মধ্যে স্বর্ণের দাম কত হবে, জানাল বিশ্লেষক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, সকাল ৮:৪২
Shares
২০৩০ সালের মধ্যে স্বর্ণের দাম কত হবে, জানাল বিশ্লেষক

ফাইল ছবি

কয়েক মাসের দরপতন কাটিয়ে আবারও ঊর্ধ্বমুখী হতে পারে আন্তর্জাতিক স্বর্ণের বাজার। আগামী ২০৩০ সালের মধ্যে প্রতি আউন্স স্বর্ণের দাম ১০ হাজার মার্কিন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন যুক্তরাষ্ট্রভিত্তিক বাজার বিশ্লেষণ প্রতিষ্ঠান এফএক্সএম্পায়ারের কারিগরি বিশ্লেষক এজি থরসন। এই পূর্বাভাস বাস্তবায়িত হলে বাংলাদেশি মুদ্রায় প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়াতে পারে প্রায় ৪ লাখ ৬৯ হাজার টাকা।

ভারতীয় সংবাদমাধ্যম লাইভমিন্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বর্তমান বিনিময় হার অনুযায়ী, ১০ হাজার মার্কিন ডলারের মূল্য প্রায় ১২ লাখ ৫০ হাজার টাকা। এক ট্রয় আউন্সে ৩১ দশমিক ১০৩৫ গ্রাম এবং এক ভরিতে ১১ দশমিক ৬৬৪ গ্রাম স্বর্ণ থাকে। সে হিসাবে প্রতি ভরি স্বর্ণের আন্তর্জাতিক বাজারমূল্য পৌনে ৫ লাখ টাকার কাছাকাছি পৌঁছাতে পারে। তবে এই হিসাবে আমদানি শুল্ক, কর, মজুরি ও স্থানীয় বাজারের অন্যান্য খরচ অন্তর্ভুক্ত করা হয়নি।

শুক্রবার (২৭ নভেম্বর) প্রকাশিত এক বিশ্লেষণে এজি থরসন জানান, বুধবার (২৫ নভেম্বর) স্বর্ণের দাম দীর্ঘমেয়াদি দরপতনের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে থাকতে পারে। তবে বাজার আবার ঊর্ধ্বমুখী হবে কি না, তা এখনও নিশ্চিত নয়।

থরসনের পর্যবেক্ষণে স্বর্ণের বাজারে ১০৪ কার্যদিবসের একটি বিশেষ চক্র দেখা যাচ্ছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে শুরু হওয়া বড় ধরনের দরবৃদ্ধি ১০৪ কার্যদিবস স্থায়ী হয়েছিল। পরবর্তী সময়ে ২০২৬ সালের মাঝামাঝি পর্যন্ত প্রথম দফার দরপতনও একই সময় ধরে চলে। জুনের শেষ দিকের সর্বনিম্ন মূল্য থেকে আরও ১০৪ কার্যদিবস পর গত ২৫ নভেম্বর নতুন করে সর্বনিম্ন পর্যায় তৈরি হয়ে থাকতে পারে।

এই প্রবণতাকে স্বর্ণের বাজারে দীর্ঘমেয়াদি দরবৃদ্ধির নতুন অধ্যায় শুরুর সম্ভাব্য ইঙ্গিত হিসেবে দেখছেন থরসন। তার ধারণা, ২০২৬ সালের দরপতন ছয় বছরব্যাপী ঊর্ধ্বমুখী বাজারের মধ্যবর্তী মূল্য সংশোধনের অংশ হতে পারে।

স্বর্ণের পাশাপাশি রুপা ও প্লাটিনামের বাজার নিয়েও আশাবাদী এই বিশ্লেষক। তার পূর্বাভাস অনুযায়ী, চলতি দশকের শেষ নাগাদ প্রতি আউন্স রুপার দাম ৩০০ ডলারে পৌঁছাতে পারে। প্লাটিনামের দামেও বড় ধরনের পুনরুদ্ধারের সম্ভাবনা রয়েছে।

তবে থরসনের এই পূর্বাভাস মূলত কারিগরি বিশ্লেষণনির্ভর। বিশ্ব স্বর্ণ কাউন্সিলের অক্টোবরের মূল্যায়ন অনুযায়ী, স্বর্ণের বাজারে এখনও জল্পনানির্ভর বিনিয়োগের পরিমাণ বেশি রয়েছে। ফলে বাজারে স্থায়ী পুনরুদ্ধার আসার আগে আরও দরপতন কিংবা অস্থিরতা দেখা দিতে পারে।