প্রতিবছরই আগামী দিনের বৈশ্বিক গতিপ্রকৃতি নিয়ে ‘দ্য ওয়ার্ল্ড অ্যাহেড’ নামে বিশেষ সংখ্যা প্রকাশ করে প্রভাবশালী সাময়িকী দ্য ইকোনমিস্ট। রাজনীতি, যুদ্ধ, অর্থনীতি, প্রযুক্তি ও জলবায়ু—সব মিলিয়ে ২০২৭ সালে কোন বিষয়গুলো বিশ্বে সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পারে, তা নিয়ে প্রকাশ পেয়েছে সাময়িকীটির নতুন বিশ্লেষণ।
এবারের সংখ্যার প্রচ্ছদে ব্যবহৃত নানা ছবি ও প্রতীকের অর্থ খুঁজতে ইতিমধ্যে মেতে উঠেছেন বিশ্লেষক ও পাঠকেরা; এ নিয়ে তৈরি হচ্ছে ভিডিও ও পডকাস্টও। যদিও দ্য ইকোনমিস্ট প্রচ্ছদের প্রতিটি প্রতীকের আলাদা কোনো ব্যাখ্যা দেয়নি।
সাময়িকীটির মতে, কল্পবিজ্ঞানের মতো বদলে যাওয়া এই সময়ে মহাকাশে কম্পিউটার স্থাপনের স্বপ্ন দেখা রকেট ব্যবসায়ী ইতিমধ্যে বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হয়েছেন; ড্রোন বদলে দিয়েছে যুদ্ধের কৌশল, রাস্তায় চলছে চালকহীন ট্যাক্সি, আর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও হিউম্যানয়েড রোবট দ্রুত এগিয়ে যাচ্ছে। ভিনগ্রহের প্রাণীর দেখা না মিললেও ২০২৭ সালে বিশ্বজুড়ে নজর রাখতে হবে প্রধান ১০টি বিষয়ের ওপর—
১. ট্রাম্প-পরবর্তী সময়ের লড়াই
মধ্যবর্তী নির্বাচনের পর পরিস্থিতি কিছুটা থিতু হলে ডোনাল্ড ট্রাম্পের উত্তরসূরি হওয়ার প্রতিযোগিতা শুরু হবে। তবে ট্রাম্প নিজে নিষ্ক্রিয় থাকবেন না; বরং নিজের প্রভাব ও উত্তরাধিকার নিশ্চিত করতে আরও নির্বাহী আদেশ জারি করতে পারেন।
আইনি লড়াই, হঠাৎ স্থানের নাম পরিবর্তন, বড় অবকাঠামো প্রকল্প ও সামরিক অভিযানের মতো ঘটনাও দেখা যেতে পারে। পাশাপাশি ট্রাম্প-পরবর্তী যুক্তরাষ্ট্র কেমন হবে, তা নিয়ে বৈশ্বিক আলোচনা জোরালো হবে।
২. ইরান সংঘাতের দীর্ঘমেয়াদি প্রভাব
ইরান সংঘাতের দ্রুত ও স্পষ্ট সমাধানের সম্ভাবনা কম হওয়ায় অনিশ্চয়তা চলতেই থাকবে। ট্রাম্পের ভুল সিদ্ধান্তে শুরু হওয়া এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের বৈশ্বিক মর্যাদা কমিয়েছে; মিত্রদের আস্থা যেমন কমেছে, তেমনি প্রতিপক্ষের ভয়ও আগের মতো নেই।
২০২৭ সালজুড়ে এর প্রভাবে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে পরিবর্তন, জ্বালানি সরবরাহের পথ বদল এবং সার সংকট ও খাদ্যনিরাপত্তার ঝুঁকি তৈরি হতে পারে। অন্যদিকে ইরানের সরকার দেশের ভেতরে নিজেদের নিয়ন্ত্রণ আরও কঠোর করবে।
৩. ইতিহাসের উষ্ণতম বছরের শঙ্কা
২০২৭ সাল রেকর্ড করা ইতিহাসের সবচেয়ে উষ্ণ বছর হতে পারে। ‘সুপার এল নিনো’র প্রভাবে খরা, তীব্র তাপপ্রবাহ, দাবানল ও চরম আবহাওয়ার ঘটনা বাড়ার আশঙ্কা রয়েছে। তবে অজান্তেই ট্রাম্প নবায়নযোগ্য জ্বালানির পক্ষে বিশ্বের সবচেয়ে বড় প্রচারক হয়ে উঠেছেন।
জলবায়ু পরিবর্তন মোকাবিলার পাশাপাশি বিশ্ববাজারে জ্বালানির দামের অস্থিরতা থেকে বাঁচতে নবায়নযোগ্য জ্বালানিই হয়ে উঠছে বড় ভরসা।
৪. কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বাড়বে ক্ষোভ
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ঝুঁকি এখন নিবিড়ভাবে খতিয়ে দেখা হচ্ছে। জটিল ও অস্বচ্ছ চুক্তির মাধ্যমে এআই কোম্পানিগুলো ঋণ বাড়ালে বাজারে বড় ধসের শঙ্কা তৈরি হতে পারে।
এ ছাড়া আরও শক্তিশালী এআই মডেলের কারণে সাইবার হামলা বাড়তে পারে এবং সরবরাহব্যবস্থায় ভূরাজনৈতিক ঝুঁকি নিয়ে উদ্বেগ তৈরি হবে। যদিও চাকরি হারানো কিংবা তথ্যকেন্দ্রে অতিরিক্ত বিদ্যুৎ ও পানি ব্যবহারের বাস্তব প্রমাণের চেয়ে মানুষের মধ্যে সম্ভাব্য ক্ষতির ভয়ই বেশি কাজ করছে।
৫. ইউরোপে ডানপন্থী জনতুষ্টিবাদের উত্থান
ইউরোপে ডানপন্থী জনতুষ্টিবাদী রাজনীতির উত্থানের মধ্যে ২০২৭ সালে সবার দৃষ্টি থাকবে ফ্রান্সের নির্বাচনের দিকে। দেশটিতে ডানপন্থী দল ন্যাশনাল র্যালির নেতা মেরিন লো পেনের প্রেসিডেন্ট হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
তিনি জয়ী হলে ইউরোপীয় ইউনিয়নের চালিকাশক্তি হিসেবে পরিচিত ফ্রান্স ও জার্মানির সম্পর্কে বড় ফাটল ধরতে পারে। পাশাপাশি ঋণে জর্জরিত ফ্রান্সের অর্থনীতি নিয়েও উদ্বেগ বাড়বে।
৬. বন্ডবাজারে চাপ ও ঋণের সংকট
সরকারের অতিরিক্ত ব্যয়, এআই-সংশ্লিষ্ট অবকাঠামো নির্মাণের হিড়িক এবং জ্বালানির দাম বৃদ্ধির ফলে নতুন করে মূল্যস্ফীতির আশঙ্কা দেখা দিয়েছে। এতে ফ্রান্সসহ বহু ধনী দেশের বন্ডবাজার চাপে পড়েছে এবং ঋণ নেওয়ার খরচ বাড়ছে। উচ্চ সুদের হারের কারণে কোম্পানি ও সাধারণ পরিবারগুলো চাপে পড়ায় যেকোনো সময় বড় আর্থিক সংকট তৈরি হতে পারে।
৭. তাইওয়ান ঘিরে চীনের সময়সীমা
ইউক্রেন ও ইরানের যুদ্ধ দেখিয়েছে, আধুনিক প্রযুক্তির কল্যাণে ছোট শক্তিও বড় শক্তির আক্রমণ ঠেকাতে সক্ষম। এদিকে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ২০২৭ সালের মধ্যে তাইওয়ান দখলের জন্য সামরিক বাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন বলে জানা যায়।
যুক্তরাষ্ট্র নানা সংকটে ব্যস্ত থাকায় চীন কি সামরিক পদক্ষেপ নেবে, নাকি ২০২৮ সালে তাইওয়ানের নির্বাচনের ফলের জন্য অপেক্ষা করবে—তা নিয়ে আগামী দুই বছর অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।
৮. ওজন কমানোর ওষুধ ও ‘প্রতিশোধের কেনাকাটা’
ওজেমপিকের মতো ওজন কমানোর ওষুধ মানুষের জীবনযাত্রার পাশাপাশি ভোক্তা আচরণও বদলে দিচ্ছে। ওজন কমিয়ে নতুনভাবে জীবন শুরু করা মানুষেরা পোশাক, প্রসাধনী ও শরীরচর্চায় আগের চেয়ে বেশি অর্থ ব্যয় করছেন, যাকে বলা হচ্ছে ‘প্রতিশোধের কেনাকাটা’।
এই সাফল্যে উৎসাহিত হয়ে ওষুধ কোম্পানিগুলো এখন মানুষের আয়ু বাড়ানোর চিকিৎসা উদ্ভাবনেও বিনিয়োগ বাড়াচ্ছে।
৯. মহাকাশ বাণিজ্যে নতুন গতি
স্পেসএক্সের বিশাল স্টারশিপ নিয়মিতভাবে স্যাটেলাইট উৎক্ষেপণ শুরু করবে। একই সঙ্গে চীনের রকেট নির্মাতা প্রতিষ্ঠানগুলোও পুনর্ব্যবহারযোগ্য রকেট বুস্টারের সক্ষমতা প্রদর্শন করবে।
মহাকাশ যাত্রার খরচ কমে আসায় বেসরকারি মহাকাশ স্টেশন নির্মাণ সহজ হবে এবং কক্ষপথে তথ্যকেন্দ্র স্থাপনের মতো ধারণাও বাস্তবে রূপ নিতে পারে।
১০. হলিউডের নতুন সমীকরণ
‘স্টার ওয়ার্স’-এর ৫০ বছর পূর্তি উপলক্ষে ছবিটি আবার মুক্তি পাবে, পাশাপাশি আসছে নতুন পর্ব, ‘অ্যাভেঞ্জার্স’-এর প্রত্যাবর্তন ও নতুন জেমস বন্ড। তবে ইউটিউবারদের তৈরি স্বল্প বাজেটের কনটেন্টের সাফল্য প্রশ্ন তুলছে—দর্শকেরা কি পুরোনো ফ্র্যাঞ্চাইজির বদলে নতুন কিছু খুঁজছেন?
মজার বিষয় হলো, কম খরচের যানের কাছে শক্তিশালী বাহিনীর পরাজয়, স্বয়ংক্রিয় রোবট আর তথ্য চুরির মতো বিষয়গুলো থাকায় ২০২৭ সালে ‘স্টার ওয়ার্স’ আগের চেয়ে অনেক বেশি প্রাসঙ্গিক মনে হতে পারে।

