...|...|...

অর্থনীতি

২০২৭ সালে কত হতে পারে স্বর্ণের দাম, জানা গেল ভবিষ্যদ্বাণী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, বিকেল ৩:০৪
Shares
২০২৭ সালে কত হতে পারে স্বর্ণের দাম, জানা গেল ভবিষ্যদ্বাণী

ফাইল ছবি

রেকর্ড উচ্চতা থেকে বড় ধরনের পতনের পর বিশ্ববাজারে স্বর্ণের ভবিষ্যৎ দাম নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। জানুয়ারির সর্বোচ্চ অবস্থান থেকে এখন পর্যন্ত দাম প্রায় ৩৭ শতাংশ কমেছে। ২০ নভেম্বর প্রতি আউন্স স্বর্ণের দাম এক বছরের বেশি সময়ের সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। এরপর কিছুটা ঘুরে দাঁড়ালেও সেই ঊর্ধ্বমুখী ধারা টেকেনি।

বুধবার (২৫ নভেম্বর) গ্রিনিচ সময় রাত ১২টা ২৪ মিনিটে স্পট গোল্ডের দাম ০ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৫৪৪ দশমিক ৫৪ ডলারে দাঁড়ায়। আগের দিন মঙ্গলবার দাম কমেছিল ২ শতাংশের বেশি। ওই দিন সর্বনিম্ন দাম ছিল ৩ হাজার ৫৫২ দশমিক ৪৬ ডলার এবং দিন শেষে তা ৩ হাজার ৫৫৫ দশমিক ৮২ ডলারে স্থির হয়।

সোমবার অবশ্য স্বর্ণের দাম প্রায় ৪ শতাংশ বেড়েছিল। কিন্তু মঙ্গলবারই সেই লাভের বড় অংশ হারিয়ে যায়। ফলে বাজারে অস্থিরতা যে এখনো প্রবল, তা স্পষ্ট।

রয়টার্সের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে প্রতি আউন্স স্বর্ণের দাম রেকর্ড ৫ হাজার ৫৯৪ দশমিক ৮২ ডলারে উঠেছিল। বুধবারের দাম সেই সর্বোচ্চ অবস্থান থেকে প্রায় ৩৬ দশমিক ৬ শতাংশ কম।

কেন চাপের মুখে স্বর্ণ

ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী বিশ্লেষকদের মতে, স্বর্ণের ওপর চাপ তৈরির পেছনে সবচেয়ে বড় কারণ ফেডারেল রিজার্ভের কঠোর অবস্থান। নিউইয়র্ক ফেডের প্রেসিডেন্ট জন উইলিয়ামস বলেছেন, উচ্চ মূল্যস্ফীতি এখনো কঠোর মুদ্রানীতির প্রয়োজনীয়তার দিকেই ইঙ্গিত করছে।

সিএমইর ফেডওয়াচ টুল অনুযায়ী, ডিসেম্বরে ২৫ বেসিস পয়েন্ট সুদ বাড়ার সম্ভাবনা ৯৬ দশমিক ৪ শতাংশ। আর ৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধির সম্ভাবনা ৩ দশমিক ৬ শতাংশ। ফেড গভর্নর ক্রিস্টোফার ওয়ালার আরও বড়, অর্থাৎ অর্ধ শতাংশ সুদ বাড়ানোর পক্ষেও মত দিয়েছেন।

স্বর্ণ থেকে কোনো সুদ পাওয়া যায় না। ফলে সুদের হার বাড়লে বন্ডসহ সুদভিত্তিক সম্পদের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ে এবং স্বর্ণের আকর্ষণ কমে যায়।

এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা-সংশ্লিষ্ট শেয়ারে দরপতনের কারণে অনেক বিনিয়োগকারী মার্জিনের চাপ সামলাতে স্বর্ণ ও রুপা বিক্রি করছেন। ফোরেক্স ডটকমের বিশ্লেষক ফাওয়াদ রাজ্জাকজাদা বলেছেন, কেন্দ্রীয় ব্যাংকগুলো কঠোর অবস্থানে থাকায় স্বর্ণ শক্তিশালী সমর্থন পাচ্ছে না।

মার্কিন ভোক্তা আস্থাও প্রায় দুই বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। অর্থনীতি তুলনামূলক শক্তিশালী থাকার ইঙ্গিত পাওয়ায় নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের চাহিদা কিছুটা কমেছে।

নজর এখন পিসিই সূচকে

বাজারের নজর এখন যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত ভোগব্যয় মূল্যসূচক বা পিসিই ডেটার দিকে। বুধবার এ সূচক প্রকাশ হওয়ার কথা। ফেড মূল্যস্ফীতির প্রবণতা বোঝার ক্ষেত্রে এই সূচককে গুরুত্ব দিয়ে থাকে।

তথ্য প্রত্যাশার চেয়ে বেশি শক্তিশালী হলে ২০২৭ সালেও সুদ বাড়ার আশঙ্কা জোরালো হতে পারে। ডিসেম্বরে সুদ বৃদ্ধির সম্ভাবনা বাজারে ইতিমধ্যে অনেকটাই ধরে নেওয়া হয়েছে।

২০২৭ সালের দাম নিয়ে কী বলছে বড় ব্যাংকগুলো

এত বড় পতনের পরও স্বর্ণের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নিয়ে আশাবাদী কয়েকটি বড় বিনিয়োগ ব্যাংক।

গোল্ডম্যান স্যাকস ২০২৭ সালের শেষ নাগাদ প্রতি আউন্স স্বর্ণের সম্ভাব্য দাম ৪ হাজার ৮০০ ডলার থেকে কমিয়ে ৪ হাজার ৬৫০ ডলার নির্ধারণ করেছে।

জেপি মরগানের পূর্বাভাস, ২০২৭ সালের শেষে স্বর্ণের দাম ঘুরে দাঁড়িয়ে প্রতি আউন্স ৪ হাজার ৫০০ ডলারে উঠতে পারে।

অন্যদিকে কমার্সব্যাংক প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ১০০ ডলারের আশপাশে থাকার পূর্বাভাস দিয়েছে।

গোল্ডম্যান স্যাকসের অর্থনীতিবিদেরা মনে করেন, ফেড ২০২৬ সালের ডিসেম্বরে ২৫ বেসিস পয়েন্ট সুদ বাড়াতে পারে এবং ২০২৭ সালের মার্চেও আরেক দফা বাড়ানোর সম্ভাবনা রয়েছে। এতে স্বল্পমেয়াদে ব্যক্তিগত বিনিয়োগকারীদের স্বর্ণের চাহিদা দুর্বল থাকতে পারে।

তবে তাদের ধারণা, ২০২৭ সালের ডিসেম্বর থেকে ফেড সুদ কমানো শুরু করলে বিনিয়োগের চাহিদা আবার বাড়তে পারে।

কেন্দ্রীয় ব্যাংকের কেনা এখনও বড় ভরসা

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকগুলো মোট ৬৭৫ টন স্বর্ণ কিনেছে। এটি আগের বছরের একই সময়ের তুলনায় ৬ শতাংশ বেশি।

শুধু তৃতীয় প্রান্তিকেই কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনা হয়েছে ৩২১ টন, যা এক বছরের ব্যবধানে ৪২ শতাংশ বেশি।

তৃতীয় প্রান্তিকে স্বর্ণসমর্থিত ইটিএফে ২১১ টন নতুন বিনিয়োগ এসেছে। এতে বৈশ্বিক ইটিএফ মজুত রেকর্ড ৪ হাজার ২৫৬ টনে পৌঁছেছে।

তবে বার ও মুদ্রার চাহিদা ১৯ শতাংশ কমে ২৬৮ টনে নেমেছে। সাম্প্রতিক সময়ে কিছু ইটিএফ থেকে অর্থ বেরিয়ে যাওয়ার খবরও রয়েছে।

অন্যদিকে দরপতনের সুযোগ নিয়ে ভারত ও চীনে স্বর্ণের বাস্তব চাহিদা বেড়েছে। রয়টার্স জানিয়েছে, ২০ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে দাম কমায় দুই দেশের ক্রেতারা বাজারে ফিরেছেন।

এখন কি স্বর্ণ কেনার সময়

বিশ্লেষকদের মতে, স্বর্ণের দাম বছরের শুরুর তুলনায় অনেক নিচে থাকলেও স্বল্পমেয়াদে আরও অস্থিরতা থাকতে পারে।

সুদের হার আরও বাড়লে ডলার ও বন্ডের আয় শক্তিশালী থাকবে, যা স্বর্ণের পুনরুদ্ধার কঠিন করে তুলতে পারে। আবার শেয়ারবাজারে চাপ অব্যাহত থাকলে নগদ অর্থ জোগাড়ে স্বর্ণ বিক্রির প্রবণতাও চলতে পারে।

তবে বড় ব্যাংকগুলোর পূর্বাভাস বলছে, ২০২৭ সালের শেষ নাগাদ স্বর্ণ আবার ৪ হাজার ১০০ থেকে ৪ হাজার ৬৫০ ডলারের মধ্যে উঠে আসতে পারে।

স্বর্ণে বিনিয়োগের ক্ষেত্রে একবারে বড় অঙ্কের অর্থ না ঢেলে ধাপে ধাপে কেনার কৌশল বিবেচনা করা যেতে পারে। এতে বিভিন্ন দামে স্বর্ণ কেনার সুযোগ থাকে এবং বাজারের অস্থিরতার ঝুঁকি কিছুটা কমে।

সবশেষে সিদ্ধান্ত নির্ভর করবে বিনিয়োগকারীর সময়সীমা, ঝুঁকি নেওয়ার সক্ষমতা এবং স্বর্ণকে স্বল্পমেয়াদি মুনাফা নাকি দীর্ঘমেয়াদি সম্পদ বৈচিত্র্যের অংশ হিসেবে দেখা হচ্ছে—তার ওপর।