চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৯ দিনে দেশে ১৮৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৩ হাজার ৮৭ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা ধরে)।
আজ রবিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে আসা এই রেমিট্যান্স গত বছরের একই সময়ের (১৮৬ কোটি ৯০ লাখ ডলার) তুলনায় ৮০ লাখ ডলার বেশি।
এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৭৭০ কোটি ২০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৬৭৬ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ, গত বছরের তুলনায় চলতি অর্থবছরে প্রবাসী আয় বেড়েছে ১৩ দশমিক ৮০ শতাংশ।
চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ২৮৫ কোটি ৮৭ লাখ ও আগস্টে ২৯৬ কোটি ৬৬ লাখ ডলারের রেমিট্যান্স পেয়েছিল দেশ। এর আগে ২০২৫-২৬ অর্থবছরে ৩৫ দশমিক ৫৮ বিলিয়ন এবং ২০২৪-২৫ অর্থবছরে ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছিলেন প্রবাসী বাংলাদেশিরা।


