মাত্র ১৭ বছর বয়সেই মেজর লিগ সকারের (এমএলএস) প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন ফিলাডেলফিয়া ইউনিয়নের মিডফিল্ডার বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান। বুধবার (৩০ সেপ্টেম্বর) ঘোষিত এই স্বীকৃতির মধ্য দিয়ে তিনি এমএলএসের ইতিহাসে সবচেয়ে কম বয়সী মাসসেরা খেলোয়াড় হওয়ার কীর্তি গড়েছেন। পুরস্কারটি পাওয়ার সময় তার বয়স ছিল ১৭ বছর দুই দিন।
সেপ্টেম্বরজুড়ে দারুণ ছন্দে ছিল ফিলাডেলফিয়া ইউনিয়ন। পুরো মাসে দলটি পাঁচ ম্যাচ খেলে পাঁচটিতেই জয় পেয়েছে। এই সময়ে সুলিভানও ছিলেন দুর্দান্ত। মাসজুড়ে ৯টি গোল অবদান রেখে এমএলএসে সবার ওপরে ছিলেন তিনি। পাঁচটি অ্যাসিস্ট নিয়ে লিগে যৌথভাবে সর্বোচ্চ এবং চার গোল করে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা ছিলেন এই তরুণ।
সেপ্টেম্বরের পারফরম্যান্সের ধারাবাহিকতায় টানা আট ম্যাচে গোল করা বা গোলে সহায়তা করার কীর্তিও গড়েছেন সুলিভান। এমএলএস ইতিহাসে কোনো কিশোর খেলোয়াড়ের টানা গোল বা অ্যাসিস্টের ক্ষেত্রে এটিই দীর্ঘতম ধারা।
চলতি মৌসুমেও দুর্দান্ত পারফর্ম করছেন ফিলাডেলফিয়ার এই স্থানীয় প্রতিভা। নিয়মিত মৌসুমে ২৪ ম্যাচে ১৭টি শুরুর একাদশে থেকে ১ হাজার ৪৫০ মিনিট মাঠে কাটিয়ে তার গোল ৭টি এবং অ্যাসিস্ট ১২টি। অর্থাৎ মোট ১৯টি গোল অবদান রয়েছে তার। এক মৌসুমে কিশোর খেলোয়াড় হিসেবে এই সংখ্যাটি এমএলএসে দ্বিতীয় সর্বোচ্চ, ২০১৮ সালে আলফোনসো ডেভিসের রেকর্ডের সমান।
এরও আগে মাত্র ১৪ বছর ২৯৩ দিন বয়সে ২০২৪ সালের ১৭ জুলাই নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে লিগ ম্যাচে অভিষেক হয়েছিল সুলিভানের। সেই অভিষেকের মাধ্যমে উত্তর আমেরিকার দলীয় ক্রীড়ার ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়েন ।
সুলিভানের এই অর্জনের আরেকটি বিশেষত্ব হলো, এমএলএসের ইতিহাসে তিনিই প্রথম খেলোয়াড়, যিনি এমএলএস নেক্সট থেকে এমএলএস নেক্সট প্রো হয়ে মূল দলে জায়গা করে নেওয়ার পর ‘এমএলএস প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কার জিতেছেন। ফলে মাত্র ১৭ বছর বয়সেই তার ক্যারিয়ারে যোগ হলো একাধিক ঐতিহাসিক অর্জন।


