বিদেশি দক্ষ কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়াতে নতুন অভিবাসন ব্যবস্থা চালু করতে যাচ্ছে ডেনমার্ক। নতুন এই ব্যবস্থার আওতায় নির্দিষ্ট ১৬টি দেশের নাগরিকরা তুলনামূলক সহজ শর্তে দেশটিতে গিয়ে কাজের সুযোগ পাবেন।
আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন নিয়ম কার্যকর হওয়ার কথা রয়েছে। অভিবাসনবিষয়ক পরামর্শক সংস্থা ‘ফ্রেগোমেন’-এর তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক পর্যায়ের দক্ষ ও পেশাজীবী কর্মীদের ডেনমার্কের শ্রমবাজারে অন্তর্ভুক্ত করতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
নতুন ব্যবস্থায় যেসব ডেনিশ প্রতিষ্ঠান বিদেশ থেকে কর্মী নিয়োগ করতে চাইবে, তাদের কয়েকটি নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে কমপক্ষে দুই বছর ধরে ডেনমার্কে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা, প্রতিষ্ঠানে অন্তত ১০ জন পূর্ণকালীন কর্মী থাকা এবং স্থানীয় শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য যৌথ চুক্তির শর্ত মেনে চলা।
এসব শর্ত পূরণকারী প্রতিষ্ঠান ডেনিশ অভিবাসন কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় সনদ গ্রহণের মাধ্যমে বিদেশি কর্মী নিয়োগের সুযোগ পাবে।
এই কর্মসংস্থান সুবিধার আওতায় থাকা ১৬টি দেশ হলো—ভারত, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, জাপান, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউক্রেন, আলবেনিয়া, মলদোভা, মন্টিনিগ্রো, উত্তর মেসিডোনিয়া, সার্বিয়া ও সিঙ্গাপুর।
ডেনমার্কের স্থানীয় প্রতিষ্ঠানগুলোর জন্য আন্তর্জাতিক পর্যায়ের দক্ষ কর্মী নিয়োগের প্রক্রিয়া সহজ করাই নতুন উদ্যোগের অন্যতম লক্ষ্য বলে জানা গেছে।
নতুন নিয়মে বিদেশি কর্মীদের জন্য ন্যূনতম বার্ষিক বেতন নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ২২ হাজার ডেনিশ ক্রোন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫৭ লাখ টাকা।
ডেনমার্কে প্রচলিত কর্মসংস্থানভিত্তিক অন্যান্য ওয়ার্ক পারমিটের তুলনায় নতুন ব্যবস্থার বেতনসীমা তুলনামূলক কম। ফলে দেশটির নিয়োগকর্তাদের জন্য বিদেশি কর্মী নিয়োগ সহজ হবে বলে ধারণা করা হচ্ছে।
একই সাথে আন্তর্জাতিক পেশাজীবীদের জন্য ইউরোপের এই দেশে কর্মজীবন গড়ার সুযোগও আরও বিস্তৃত হবে।
সূত্র: এনডিটিভি


