ভারতে দুই বছরের বেশি সময় ধরে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে দেশে ফিরতে চান। এ জন্য রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে দেশে ফেরার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) শেখ হাসিনার মুখপাত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়ার পর এবারই প্রথম দেশে ফেরার সুনির্দিষ্ট তারিখ জানালেন শেখ হাসিনা। বাংলাদেশে তার দলের কার্যক্রম নিষিদ্ধ থাকার মধ্যেই চলতি মাসের শুরুতে নতুন পাসপোর্ট ও অন্যান্য নথিপত্রের জন্য আবেদন করেন তিনি। এরপর থেকেই বিষয়টি ঘিরে রাজনৈতিক ও আইনি উত্তেজনা বেড়েছে।
ভারতে পালিয়ে যাওয়ার কয়েক মাস পর শেখ হাসিনার পাসপোর্টসহ অন্যান্য নথিপত্র বাতিল করা হয়। এসব নথি ফিরে পাওয়ার আবেদনের পাশাপাশি এবার দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য রাষ্ট্রীয় বিমানের ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানিয়েছেন তিনি।
শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনাকে বাংলাদেশি বিমানে করে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। তাই দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য সরকারকেই বিমান ভ্রমণের ব্যবস্থা করতে হবে বলে আহ্বান জানিয়েছেন তিনি।
মোজাম্মেল আলীর দাবি, সংবিধান পরিপন্থী পরিস্থিতিতে শেখ হাসিনাকে নির্বাসিত করা হয়েছিল। তাই আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তার দেশে ফেরা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।
এ বিষয়ে বাংলাদেশ সরকারের একজন মুখপাত্রের কাছে মন্তব্য জানতে চাইলেও তাৎক্ষণিক কোনো সাড়া পায়নি রয়টার্স। তবে রবিবার বাংলাদেশের একজন মন্ত্রী সংবাদমাধ্যমটিকে জানান, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে। কারণ, তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ রয়েছে। এ ছাড়া তাকে ফিরিয়ে আনতে বিমান পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ঘিরে সহিংসতায় প্রায় ১ হাজার ৪০০ মানুষ প্রাণ হারান। গণঅভ্যুত্থানের সময় দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন।
এদিকে, বাংলাদেশে তার রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। দেশে ফেরার তারিখ ঘোষণার পাশাপাশি নতুন পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র সংগ্রহের উদ্যোগ ঘিরে রাজনৈতিক ও আইনি উত্তেজনা আরও বাড়তে পারে।


