বাংলাদেশসহ বিশ্বের ১৪টি অর্থনীতির ওপর নতুন করে আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
বুধবার (২৫ নভেম্বর) উৎপাদন খাতে কাঠামোগত অতিরিক্ত সক্ষমতা ও অতিরিক্ত উৎপাদনের অভিযোগে চালানো ‘সেকশন ৩০১’ তদন্তের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন শুল্কের আওতায় থাকা অর্থনীতিগুলো হলো—চীন, ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, বাংলাদেশ, জাপান ও ভারত।
যুক্তরাষ্ট্রের কয়েকটি বড় বাণিজ্যিক অংশীদারও এই তালিকায় রয়েছে। দেশ ও পণ্যভেদে শুল্কহার আলাদা হয়েছে। সবচেয়ে বেশি শুল্কের আওতায় চীন। দেশটির পণ্যে সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে।
ভিয়েতনামের পণ্যের ক্ষেত্রে সর্বোচ্চ শুল্কহার ৩৫ শতাংশ। বাংলাদেশসহ অন্য দেশগুলোর বিভিন্ন পণ্যে ২০ অথবা ২৫ শতাংশ হারে নতুন শুল্ক আরোপ করা হয়েছে।
এর আগে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের আরোপ করা ব্যাপকভিত্তিক আমদানি শুল্কের একটি বড় অংশ বাতিল করে দিয়েছিলেন।
প্রস্তাবিত নতুন শুল্কগুলো আংশিকভাবে সেই বাতিল হওয়া শুল্কের জায়গা নেবে। একই সঙ্গে বর্তমানে কার্যকর থাকা অন্যান্য মার্কিন শুল্কের ওপরও এগুলো যুক্ত হবে।


