ভোরের হালকা কুয়াশা আর রাতভর বয়ে চলা হিমেল বাতাসে পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি। টানা চার দিন ধরে জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রেকর্ড করা হচ্ছে।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল শতভাগ।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের তথ্যমতে, চলতি সপ্তাহের শুরু থেকেই এ অঞ্চলে তাপমাত্রার পারদ নিচে নামতে শুরু করেছে।
এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি। বুধবার (২৫ নভেম্বর) তা আরও কমে দাঁড়ায় ১৩ দশমিক ৫ ডিগ্রিতে এবং বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রেকর্ড করা হয় ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, এ অঞ্চলে তাপমাত্রা ধীরে ধীরে কমছে। ডিসেম্বর মাসে পঞ্চগড় ও এর আশপাশের এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।


