...|...|...

বিশ্ব

১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:১০
Shares
১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব

ছবি: সংগৃহীত

আবাসন, সীমান্ত ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১২ হাজার ৬২৮ জন অবৈধ প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। রবিবার (২৭ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশব্যাপী নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে গত ১৭ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সরকারি সংস্থার সহযোগিতায় যৌথ পরিদর্শন চালানো হয়। এ সময় আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার করা হয় ১৩ হাজার ৬২৮ জনকে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে ৬ হাজার ৫৯৩ জন, সীমান্ত নিরাপত্তা বিধি ভঙ্গের অভিযোগে ৩ হাজার ৫৩১ জন এবং শ্রম আইন লঙ্ঘনের কারণে ৩ হাজার ৫০৪ জন রয়েছেন।

এ ছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় আরও ১ হাজার ১৯৭ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৬৩ শতাংশ ইথিওপিয়ান, ৩৬ শতাংশ ইয়েমেনি এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। একই সময়ে অবৈধভাবে সৌদি ছাড়ার চেষ্টা করায় গ্রেফতার করা হয়েছে আরও ২৭ জনকে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফেরত পাঠানো ১২ হাজার ৬২৮ জন ছাড়াও ১৮ হাজার ৫৪৯ জন আইন লঙ্ঘনকারীকে ভ্রমণ নথিপত্র সংগ্রহের জন্য নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। আর ৩ হাজার ৮১৫ জনকে দেশে ফেরার প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় বা কর্মসংস্থানে সহায়তার অভিযোগে আরও ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন মোট ৩১ হাজার ৩৯৮ জন প্রবাসী। তাদের মধ্যে ২৯ হাজার ১৮ জন পুরুষ এবং ২ হাজার ৩৪০ জন নারী।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, অবৈধভাবে দেশটিতে প্রবেশে সহায়তা, পরিবহন, আশ্রয় দেওয়া বা অন্য কোনোভাবে সহযোগিতা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। এ ছাড়া এসব কাজে ব্যবহৃত যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধানও রয়েছে।