সুদূর প্রবাসে কর্মস্থলে সহকর্মীর জীবন রক্ষা করতে গিয়ে নিজের প্রাণ উৎসর্গ করে বীরত্ব ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মো. আব্দুল্লাহ (৩০) নামে এক বাংলাদেশি যুবক। সৌদি আরবের রিয়াদে একটি কেমিকেল কারখানায় সহকর্মীকে বাঁচাতে গিয়ে তার মর্মান্তিক মৃত্যু হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সৌদি সময় বিকাল ৩টার দিকে রিয়াদের একটি কেমিকেল কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকার দুর্বাটি গ্রামের সাবেক সেনাসদস্য মো. ইসমাঈল হোসেনের তৃতীয় ছেলে। তিনি দীর্ঘ সাত বছর ধরে রিয়াদের আব্দুল লতিফ কোম্পানিতে কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, কর্মস্থলে কেমিকেল গ্যাস ছড়িয়ে পড়লে এক সহকর্মী বিপদে পড়েন। তাকে বাঁচাতে গিয়ে আব্দুল্লাহসহ আরও তিন বিদেশি বিষাক্ত কেমিকেলে আক্রান্ত হয়ে মারা যান।
পরিবার জানায়, আব্দুল্লাহর স্ত্রী বর্তমানে গর্ভবতী এবং তাদের আড়াই বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছে শোকসন্তপ্ত পরিবারটি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, ঘটনাটি শুনেছি, তার বাড়িতে পুলিশ পাঠিয়ে নিশ্চিত হয়েছি। এটি একটি দুঃখজনক ঘটনা। স্বজনরা লাশের জন্য অপেক্ষা করছেন।


