...|...|...

সারাদেশ

১২ বছর পর অসুস্থ হয়ে দেশে ফেরা ইরাকপ্রবাসীর সড়কেই প্রাণ গেল

শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, রাত ৩:২১ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৬, রাত ৩:৪৫
Shares
১২ বছর পর অসুস্থ হয়ে দেশে ফেরা ইরাকপ্রবাসীর সড়কেই প্রাণ গেল

বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত জুয়েল (৪২)। ছবি: টাইমস টুডে

শেরপুরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জুয়েল (৪২) নামে এক ইরাকপ্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে ঢাকা-শেরপুর মহাসড়কের শেরপুর সদর উপজেলার জোড়া পাম্প এলাকার হাওড়া খানবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুয়েল নকলা উপজেলার বারোমাইশা গ্রামের হাবুল মিয়ার ছেলে।

পরিবার ও স্বজনদের ভাষ্য, প্রায় ১২ বছর ইরাকে প্রবাসজীবন কাটানোর পর অসুস্থ হয়ে সম্প্রতি দেশে ফিরেছিলেন তিনি। সেদিন চিকিৎসকের কাছে গিয়ে বাড়ি ফেরার পথেই প্রাণ হারান।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর থেকে নকলাগামী একটি সিএনজিচালিত অটোরিকশা হাওড়া খানবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সড়কের পাশে একটি ড্রামট্রাক দাঁড়িয়ে ছিল। সংঘর্ষের তীব্রতায় সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

এতে ঘটনাস্থলেই জুয়েলের মৃত্যু হয় এবং আহত হন আরও চার যাত্রী।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে তাদের মধ্যে দুজনের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আহত চারজনের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।