১৯৭১ সাল এবং ২০২৪ সালের পরাজিত অপশক্তিগুলো নিজেদের মধ্যে আঁতাত করে এখন এক হয়ে দেশবিরোধী গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে নগরীতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত র্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদে বিরোধী দলের ভূমিকার কঠোর সমালোচনা করে প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, ‘বিরোধী দল জাতীয় সংসদে এক ধরনের বক্তব্য দেয়, আবার সংসদের বাইরে গিয়ে তার উল্টো কথা বলে। এ ধরনের দ্বিচারিতার রাজনীতি জাতি ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।’
যুবদলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সবচেয়ে সুশৃঙ্খল ও শক্তিশালী বাহু আখ্যা দিয়ে তিনি আরও বলেন, বিগত দিনে ফ্যাসিবাদী শেখ হাসিনাবিরোধী আন্দোলন-সংগ্রামে যুবদলের প্রতিটি নেতাকর্মী জীবনবাজি রেখে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছে।
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও গণতন্ত্রের অস্তিত্ব রক্ষায় যুবসমাজকে সর্বদা সজাগ থাকার আহ্বান জানান মন্ত্রী।
সাবেক প্রধানমন্ত্রীর বিচারের বিষয়ে তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, ‘শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তার দেশে ফিরে আসার সুযোগ নেই। ফিরে আসতে চাইলে প্রচলিত আইনে তার বিচার হবে।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ধ্বংসস্তূপে পরিণত হওয়া দেশকে পুনর্গঠনে সরকারের নিরলস পরিশ্রমের কথাও তিনি স্মরণ করিয়ে দেন।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, যুবদলের এই প্রতিষ্ঠাবার্ষিকীর মূল অঙ্গীকারই হতে হবে দলকে শক্তিশালী করা এবং যেকোনো বিপদে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। দেশের ইতিবাচক পরিবর্তন ও নতুন বাংলাদেশ নির্মাণে তরুণ সমাজকেই মূল ভূমিকা পালন করতে হবে।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বিশেষ অতিথির বক্তব্যে যেকোনো ধরনের ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে দলের ভাবমূর্তি ও শৃঙ্খলা বজায় রাখার জোর আহ্বান জানান।
চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদের সঞ্চালনায় অনুষ্ঠিত এই রাজনৈতিক কর্মসূচীতে বিএনপি ও যুবদলের সর্বস্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


