...|...|...

সারাদেশ

মোলাসেস নিয়ে মোংলা বন্দরে ভিড়ল বিদেশি জাহাজ, এসেছে ৮২৫০ টন

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, রাত ২:৪২
Shares
মোলাসেস নিয়ে মোংলা বন্দরে ভিড়ল বিদেশি জাহাজ, এসেছে ৮২৫০ টন

পানামার পতাকাবাহী বিদেশি বাণিজ্যিক জাহাজ এমভি হাই-হং। ছবি: টাইমস টুডে

গোখাদ্য তৈরির কাঁচামাল মোলাসেস (চিটাগুড়) নিয়ে মোংলা বন্দরের ৯ নম্বর জেটিতে ভিড়েছে পানামার পতাকাবাহী বিদেশি বাণিজ্যিক জাহাজ এমভি হাই-হং।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে ইন্দোনেশিয়ার প্রবোলিঙ্গ বন্দর থেকে ৮ হাজার ২৫০ মেট্রিক টন মোলাসেস নিয়ে জাহাজটি মোংলা বন্দরে পৌঁছায়।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট স্টারপাত সি ট্রেড লিমিটেডের নির্বাহী পরিচালক নাবিল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুরে জাহাজটি বন্দরের ৯ নম্বর জেটিতে ভিড়ে। বিকাল থেকে জাহাজ থেকে মোলাসেস খালাস করে ট্যাংকে সংরক্ষণের কাজ শুরু হয়। পরে ট্রেনযোগে এসব মোলাসেস দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় পাঠানো হবে।

তিনি আরও বলেন, এটি মোংলা বন্দরে মোলাসেসের চতুর্থ চালান। ২০২৪ সাল থেকে বিদেশ থেকে সরাসরি মোংলা বন্দরে মোলাসেস আমদানি করা হচ্ছে। গোখাদ্য তৈরির অন্যতম উপকরণ হওয়ায় উত্তরাঞ্চলে এ পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। দেশে আখের কল থাকলেও চাহিদা মেটাতে উল্লেখযোগ্য পরিমাণ চিটাগুড় বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে।

নাবিল ইসলাম বলেন,মোংলা বন্দরে নাব্যতা সংকটের কারণে বড় আকারের জাহাজ আনা সম্ভব হচ্ছে না। এ কারণে দীর্ঘদিন অপেক্ষার পর ছোট আকারের জাহাজের ব্যবস্থা করে মোলাসেস আমদানি করতে হয়েছে। নিয়মিত ড্রেজিংয়ের মাধ্যমে বন্দরের নাব্যতা বৃদ্ধি ও সংরক্ষণ করা গেলে বড় বড় জাহাজ এ বন্দরে আনা সম্ভব হবে। এতে পণ্য পরিবহন আরও সহজ ও কার্যকর হবে।