যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কাছের একটি অ্যাপার্টমেন্ট ভবনে বন্দুক হামলায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্থানীয় সময় সকালে শহরের লোগান সার্কেল এলাকার ওই ভবনের একটি জিমে এ হামলার ঘটনা ঘটে। এলাকাটি হোয়াইট হাউস থেকে প্রায় ১ দশমিক ৬ কিলোমিটার উত্তরে। সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মার্কিন পুলিশ জানায়, গুলি চালানোর পর সন্দেহভাজন বন্দুকধারী ভবনের একটি অ্যাপার্টমেন্টে ঢুকে নিজেকে অবরুদ্ধ করেন। পরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। অন্যদের আঘাত প্রাণঘাতী নয়।
মেট্রোপলিটন পুলিশ বিভাগের ভারপ্রাপ্ত প্রধান জেফরি ক্যারল জানান, অ্যাপার্টমেন্টে অবস্থানকালে সন্দেহভাজন অন্তত দুইবার দরজার ভেতর থেকে পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি চালান। এ সময় আলোচনাকারীরা ফোনে তার সঙ্গে যোগাযোগ রাখছিলেন। একপর্যায়ে তারা গুলির শব্দ শুনতে পান। এরপর সন্দেহভাজন আর কোনো সাড়া দেননি।
পরে পুলিশ অ্যাপার্টমেন্টে ঢুকে সন্দেহভাজনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়। তার শরীরে নিজেই গুলি চালানোর ক্ষত ছিল বলে ধারণা করছে পুলিশ। ভবনটিতে আগুন লাগানোর ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন ক্যারল। তবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
হামলার সুনির্দিষ্ট সময়ক্রম, সন্দেহভাজনের উদ্দেশ্য ও ঘটনার অন্যান্য দিক খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। পুলিশের প্রাথমিক ধারণা, অ্যাপার্টমেন্ট ভবনটির সঙ্গে কোনো বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে।
ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউসার ঘটনাটিকে ‘অর্থহীন বন্দুক সহিংসতা’ বলে অভিহিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে হোয়াইট হাউসকে অবহিত করা হয়েছে।


