...|...|...

বিশ্ব

হুথিদের হামলা ঠেকাতে সৌদিকে সামরিক সহায়তার ঘোষণা যুক্তরাজ্যের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৩১
Shares
হুথিদের হামলা ঠেকাতে সৌদিকে সামরিক সহায়তার ঘোষণা যুক্তরাজ্যের

ছবি: সংগৃহীত

হুথিদের হামলা প্রতিহত করতে সৌদি আরবকে সীমিত পরিসরে সামরিক সহায়তা দিতে সম্মত হয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম জানিয়েছেন, সৌদি যুদ্ধবিমানগুলোকে আকাশে জ্বালানি সরবরাহের সুবিধা দিতে রয়্যাল এয়ার ফোর্সের একটি ট্যাঙ্কার মোতায়েন করা হবে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যাওয়ার পথে বিমানে সাংবাদিকদের বার্নহ্যাম বলেন, সৌদি যুদ্ধবিমানগুলোর জন্য আকাশে জ্বালানি ভরার সুবিধা দিতে রয়্যাল এয়ার ফোর্স সম্মত হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই এই কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

যুক্তরাজ্যের কর্মকর্তারা জানিয়েছেন, ‘প্রতিরক্ষামূলক’ অভিযানে নিয়োজিত সৌদি যুদ্ধবিমানগুলোতে জ্বালানি সরবরাহের জন্য একটি আরএএফ ভয়েজার ট্যাঙ্কার মোতায়েন করা হবে। অস্থায়ী এই চুক্তি কয়েক সপ্তাহের জন্য কার্যকর থাকবে। তবে পরিস্থিতি অনুযায়ী এটি নিয়মিত পর্যালোচনা করা হবে।

বার্নহ্যাম বলেন, ব্রিটেন ও বৃহত্তর অঞ্চলের স্বার্থ রক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সৌদি আরব হামলার শিকার হচ্ছে এবং আরও অস্থিতিশীলতার আশঙ্কা রয়েছে। তাই গুরুত্বপূর্ণ সামুদ্রিক তেল পরিবহনপথগুলো সচল রাখা প্রয়োজন।

এদিকে ইয়েমেনে নতুন করে সংঘাত তীব্র আকার ধারণ করেছে। হুথিরা সৌদি ভূখণ্ড লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। শনিবার রিয়াদকে লক্ষ্য করে চালানো একটি হামলা সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করে।

হুথিরা লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালী দিয়ে সৌদি সামুদ্রিক চলাচলের ওপর অবরোধ ঘোষণা করেছে। বিশ্ব বাণিজ্যের প্রায় ১২ শতাংশের জন্য গুরুত্বপূর্ণ এই জলপথে চলাচলকারী সৌদি বাণিজ্যিক জাহাজ ও জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার হুমকিও দিয়েছে তারা।

চলতি মাসের শুরুতে হুথিরা উপকূলীয় অঞ্চলে অগ্রসর হয়ে কৌশলগত বন্দরনগরী মোখা এবং লোহিত সাগরের গুরুত্বপূর্ণ কয়েকটি দ্বীপের নিয়ন্ত্রণ নেয়। এতে ওই অঞ্চলের সামুদ্রিক চলাচলের ওপর তাদের নজরদারি সক্ষমতা আরও বেড়েছে।

হুথিদের হামলার নিন্দা জানিয়ে লন্ডন জানিয়েছে, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা, বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ নিশ্চিত করতে তারা অংশীদারদের সঙ্গে কাজ করে যাবে।

এর আগে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রশাসন হুথিদের লক্ষ্য করে সরাসরি হামলা চালালেও সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির ঘটনায় ওয়াশিংটন নতুন করে সামরিক হস্তক্ষেপের আগ্রহ দেখায়নি।

ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে সৌদি আরব যুক্তরাজ্য, ফ্রান্স, মিসর ও পাকিস্তানসহ আন্তর্জাতিক অংশীদারদের কাছে আনুষ্ঠানিকভাবে আকাশ প্রতিরক্ষা সহায়তা চেয়েছে—এমন খবরের পরই যুক্তরাজ্যের এই সামরিক সহায়তার সিদ্ধান্ত সামনে এলো।