ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪১৭টি হামলা চালানোর দাবি করেছে দেশটির সরকারি বাহিনী। এসব হামলায় প্রায় ৮০০ হুথি সদস্য হতাহত হয়েছেন বলে দাবি করেছেন বাহিনীর মুখপাত্র মাজেদ আবদুল্লাহ আল-নুজাইলি। শরিবার (১৭ অক্টোবর) সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
তিনি জানান, অভিযানে হুথিদের ১৯০টিরও বেশি সাঁজোয়া যান, যুদ্ধ সরঞ্জাম, পরিবহন ও সরবরাহব্যবস্থা ধ্বংস অথবা অকার্যকর করে দেওয়া হয়েছে। এ ছাড়া তাদের বিভিন্ন দুর্গ ও গোলাবর্ষণের অবস্থানেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।
আল-নুজাইলির ভাষ্য অনুযায়ী, এসব অভিযানে যুদ্ধবিমান, চালকবিহীন আকাশযান (ড্রোন), কামান ও একাধিক রকেট নিক্ষেপে সক্ষম রকেটব্যবস্থা ব্যবহার করা হয়েছে।
তবে হামলার সংখ্যা, হতাহতের হিসাব এবং ক্ষয়ক্ষতির বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত কোনো তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।


