...|...|...

সারাদেশ

হিমেল হাওয়ায় বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রি

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, সকাল ১০:০২
Shares
হিমেল হাওয়ায় বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রি

ছবি: সংগৃহীত

উত্তরের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে বাড়ছে শীতের প্রকোপ। হিমেল বাতাস ও কুয়াশার প্রভাবে ঠান্ডার অনুভূতিও বাড়ছে। এরই মধ্যে এক দিনের ব্যবধানে জেলার সীমান্তবর্তী উপজেলা তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন মঙ্গলবার (১৭ নভেম্বর) একই সময়ে তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

দিনের বেলায় রোদের দেখা মিললেও সকাল ও সন্ধ্যার পর থেকে বাড়ছে শীতের অনুভূতি। বিশেষ করে রাত গভীর হলে উত্তরের হিমেল বাতাসে ঠান্ডার তীব্রতা আরও বাড়ছে।

বুধবার সকালে তেঁতুলিয়ার বিভিন্ন এলাকায় হালকা কুয়াশা দেখা যায়। তবে বেলা বাড়ার সাথে সাথে আকাশ পরিষ্কার হয়ে সূর্যের দেখা মেলে। শীত উপেক্ষা করেই জীবিকার প্রয়োজনে সকালে কাজে বের হন দিনমজুর, চা ও পাথরশ্রমিক, ভ্যানচালক এবং কৃষকেরা। উত্তরের ঠান্ডা বাতাসে কাজে বের হওয়া এসব মানুষের দুর্ভোগও বাড়ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, গত দুই দিন দিনের বেশির ভাগ সময় সূর্যের দেখা না মেলায় ঠান্ডার অনুভূতি বেশি ছিল। বুধবার সকালে রোদ উঠলেও বিকেলের পর আবার শীত বাড়তে শুরু করে। রাত যত গভীর হয়, হিমেল বাতাসে ঠান্ডার অনুভূতিও তত বাড়ে। বিশেষ করে ভোরে কাঁথা-কম্বল ছাড়া থাকা কঠিন হয়ে পড়ে।

শীত বাড়তে থাকায় শিশু ও বয়স্কদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগে রয়েছেন পরিবারের সদস্যরা। আবহাওয়া পরিবর্তনের সাথে সর্দি-কাশি ও জ্বরের মতো উপসর্গ দেখা দিচ্ছে। কেউ কেউ নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, হিমালয় পার্বত্যাঞ্চলের কাছাকাছি অবস্থান এবং উত্তরের হিমেল বাতাসের প্রভাবে তেঁতুলিয়ায় তাপমাত্রা কমতে শুরু করেছে। বুধবার সকাল ৯টায় সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। এমন আবহাওয়ায় শীতের অনুভূতি ক্রমেই বাড়ছে।

তাপমাত্রা কমার পাশাপাশি ভোরের কুয়াশা ও হিমেল বাতাসে পঞ্চগড়ে শীতের আগমনি বার্তা স্পষ্ট হচ্ছে। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত ঠান্ডার অনুভূতি বেশি থাকছে। সব মিলিয়ে হিমালয়কন্যা পঞ্চগড়ে ধীরে ধীরে জেঁকে বসছে শীত।