...|...|...

লাইফস্টাইল

কোন চুলে কোন তেল উপকারী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, সকাল ১১:১২
Shares
কোন চুলে কোন তেল উপকারী

ছবি: সংগৃহীত

চুলের যত্নে তেল ব্যবহারের প্রচলন অনেক পুরোনো। তবে চুলের ধরন না বুঝে যেকোনো তেল ব্যবহার করলে প্রত্যাশিত উপকার নাও মিলতে পারে। বরং ভুল তেল ব্যবহারে চুল ও মাথার ত্বকে নানা সমস্যা দেখা দিতে পারে। বিশেষজ্ঞদের মতে, শুষ্ক, তৈলাক্ত কিংবা ক্ষতিগ্রস্ত চুলের যত্নে তেলের ধরনও হওয়া উচিত আলাদা। তাই চুলের প্রকৃতি বুঝে সঠিক তেল বেছে নেওয়া জরুরি।

রূপ বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, কোন ধরনের চুলে কোন তেল ব্যবহার করা যেতে পারে তা তুলে ধরা হলো।

রুক্ষ ও শুষ্ক চুল

যাদের চুল শুষ্ক ও রুক্ষ, তারা নারকেল তেল, আমন্ড অয়েল বা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। এসব তেলে থাকা ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন চুলের আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করে। অন্যদিকে, অতিরিক্ত পাতলা ভেষজ তেল কিংবা কর্পূর মেশানো তেল ব্যবহার না করাই ভালো। এগুলো চুলের শুষ্কতা আরও বাড়িয়ে দিতে পারে।

তৈলাক্ত মাথার ত্বক ও পাতলা চুল

মাথার ত্বক অতিরিক্ত তৈলাক্ত হলে কিংবা চুল পাতলা হলে জোজোবা অয়েল ও গ্রেপসিড অয়েল ব্যবহার করা যেতে পারে। এ ক্ষেত্রে কালিজিরার তেলও একটি বিকল্প। এসব তেল মাথার ত্বকের প্রাকৃতিক তেলের ভারসাম্য বজায় রাখতে সহায়ক হতে পারে।

তবে ক্যাস্টর অয়েল বা নারকেল তেলের মতো ঘন ও ভারী তেল ব্যবহারে সতর্ক থাকা প্রয়োজন। বিশেষ করে দীর্ঘক্ষণ এসব তেল মাথার ত্বকে লাগিয়ে রাখলে খুশকি ও ত্বকের অন্যান্য সমস্যা বাড়তে পারে।

খুশকির সমস্যা থাকলে

মাথার ত্বকে খুশকি ও চুলকানির সমস্যা থাকলে টি-ট্রি অয়েল মিশ্রিত নারকেল তেল ব্যবহার করতে পারেন। টি-ট্রি অয়েলে অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে, যা খুশকি সৃষ্টিকারী ছত্রাক নিয়ন্ত্রণে এবং চুলকানি কমাতে সহায়তা করতে পারে।

এ ধরনের সমস্যায় অতিরিক্ত সুগন্ধি বা বিভিন্ন রাসায়নিক উপাদান মেশানো হেয়ার অয়েল ব্যবহার না করাই ভালো। তবে টি-ট্রি অয়েল সরাসরি মাথার ত্বকে না লাগিয়ে উপযুক্ত বাহক তেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা উচিত।

ক্ষতিগ্রস্ত চুল

চুলে অতিরিক্ত রং করা কিংবা নিয়মিত হিট স্টাইলিংয়ের কারণে চুলের স্বাভাবিক কোমলতা ও উজ্জ্বলতা নষ্ট হতে পারে। এমন চুলের যত্নে আর্গান অয়েল বা অ্যাভোকাডো অয়েল ব্যবহার করা যেতে পারে। এসব তেল চুলের শুষ্কতা কমাতে এবং কোমলতা বজায় রাখতে সহায়তা করে।

অন্যদিকে, অতিরিক্ত ঝাঁঝালো, সালফারযুক্ত বা অ্যালকোহলসমৃদ্ধ তেল ব্যবহার এড়িয়ে চলা ভালো। এসব উপাদান ক্ষতিগ্রস্ত চুলের শুষ্কতা আরও বাড়িয়ে দিতে পারে।