...|...|...

সারাদেশ

হিন্দু ভাই-বোনেরা বুক উঁচু করে চলবেন: হুইপ দুলু

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, বিকেল ৫:৩৪
Shares
হিন্দু ভাই-বোনেরা বুক উঁচু করে চলবেন: হুইপ দুলু

জাতীয় সংসদের হুইপ এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি: সংগৃহীত

হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের সর্বাত্মক সহযোগিতা করতে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার বিভিন্ন মন্দিরে সরকারি অনুদানের চাল বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের মানুষকে নির্ভয়ে বসবাসের আশ্বাস দিয়ে দুলু বলেন, আমি যত দিন বেঁচে আছি, আমার হিন্দু ভাই-বোনেরা বুক উঁচু করে চলবেন। কেউ বাঁকা চোখে তাকালে কিংবা হুমকি-ধমকি দিলে আমাকে টেলিফোন করবেন। আমি তাৎক্ষণিক ব্যবস্থা নেবো।

তিনি বলেন, হিন্দু-মুসলমানের মধ্যে অতীতে কোনো বিভেদ বা বৈষম্য ছিল না। ঈদ ও পূজা ছিল সবার সম্মিলিত উৎসব। একে অপরের বাড়িতে যাওয়া-আসা এবং আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে সামাজিক সম্প্রীতি বজায় থাকত। সেই ঐতিহ্য ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দেন তিনি।

নাটোর ও নলডাঙ্গা তার নির্বাচনী এলাকা উল্লেখ করে হুইপ বলেন, এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন নিরাপদে ও সম্মানের সাথে বসবাস করতে পারেন, সে বিষয়ে তিনি দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।

অনুষ্ঠানে নাটোর সদর উপজেলার ৮২টি এবং নলডাঙ্গা উপজেলার ৫৯টি মন্দিরে সরকারি অনুদানের চাল বরাদ্দ দেওয়া হয়। প্রতিটি মন্দিরের জন্য বরাদ্দ ছিল ৬০০ কেজি চাল। সে হিসাবে দুই উপজেলার মোট ১৪১টি মন্দিরে ৮৪ হাজার ৬০০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী, বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাবসহ দলীয় নেতাকর্মীরা।