বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মুফতি মো. রুহুল আমিনকে আটক করেছে গোয়েন্দা সংস্থার একটি দল। বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর একটি এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে গোয়েন্দা সংস্থার একটি সূত্র নিশ্চিত করেছে।
২০২৪ সালের ২০ সেপ্টেম্বর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজ পড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় করা মামলার পর থেকে আত্মগোপনে ছিলেন মুফতি রুহুল আমিন।
তিনি ২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত বায়তুল মোকাররমের খতিবের দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়ায় আলেম সমাজের একাংশের সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কর্মস্থলে অনুপস্থিত থেকে আত্মগোপনে চলে যান মুফতি রুহুল আমিন। এর প্রায় দেড় মাস পর, ২০ সেপ্টেম্বর বায়তুল মোকাররমে জুমার নামাজ পড়ানোকে কেন্দ্র করে মুসল্লিদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় পল্টন থানায় একটি মামলা করা হয়।
সংঘর্ষের ঘটনার দুই দিন পর, ২২ সেপ্টেম্বর ধর্মবিষয়ক মন্ত্রণালয় তাকে বায়তুল মোকাররমের খতিবের পদ থেকে অপসারণ করে। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।


