...|...|...

বিশ্ব

হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৪৭ | আপডেট: ২০ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৪৮
Shares
হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি: সংগৃহীত

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশ সরকারের পাঠানো প্রত্যর্পণ অনুরোধের বিষয়ে নতুন কোনো হালনাগাদ তথ্য নেই বলে জানিয়েছে ভারত। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।

ব্রিফিংয়ে এক ভারতীয় সাংবাদিক জানতে চান, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের অনুরোধের সর্বশেষ অগ্রগতি কী। সংক্ষিপ্ত জবাবে রণধীর জয়সোয়াল জানান, প্রত্যর্পণ সংক্রান্ত এ বিষয়ে তাদের কাছে নতুন কোনো আপডেট নেই। এ ক্ষেত্রে আগের ব্রিফিংগুলোতে দেওয়া ভারতের অবস্থানই বহাল রয়েছে বলে উল্লেখ করে পুরোনো বক্তব্য অনুসরণ করার কথা বলেন তিনি।

একই ব্রিফিংয়ে বাংলাদেশের সাম্প্রতিক অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও প্রশ্ন করা হয় রণধীর জয়সোয়ালকে। জবাবে তিনি স্পষ্ট করেন যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের কোনো মন্তব্য নেই।

তবে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ভারতের অবস্থান বরাবরের মতোই অপরিবর্তিত রয়েছে। অভিন্ন ইতিহাস ও দুই দেশের জনগণের গভীর সাংস্কৃতিক বন্ধনের ওপর ভিত্তি করে বাংলাদেশের সাথে একটি ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় নয়াদিল্লি।

এ ছাড়া বাংলাদেশ-ভারত গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন এবং মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক রায় নিয়েও কথা বলেন রণধীর জয়সোয়াল।

গঙ্গা চুক্তি প্রসঙ্গে তিনি জানান, নিজেদের স্বার্থ অক্ষুণ্ণ রেখেই যৌথ নদী কমিশনের (জেআরসি) মাধ্যমে বাংলাদেশের সাথে গঠনমূলকভাবে কাজ চালিয়ে যেতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। অন্যদিকে, আইসিজের রায় বিবেচনায় নিয়ে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে ভারতের সমর্থন অব্যাহত থাকবে বলেও মন্তব্য করেন তিনি।