চট্টগ্রামের মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর ছদ্মবেশে ভীড় সৃষ্টি করে স্বর্ণের চেইন চুরির অভিযোগে সাত নারীকে গ্রেফতারর করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
রবিবার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (মস্তাননগর হাসপাতাল) বহির্বিভাগের টিকিট কাউন্টারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় চুরি যাওয়া স্বর্ণালংকারের ৬ আনা ২ রতি ১ পয়েন্ট উদ্ধার করা হয়েছে।
তারা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধরমণ্ডল এলাকার আমেনা খাতুন (২৫), সালমা ওরফে তানিয়া বেগম (২৫), অজুফা বেগম (২৫), হালিমা (৩০), শানজিলা ওরফে সাদিয়া (২৩), তাহমিনা আক্তার (২০) এবং সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার মীরপুর ইউনিয়নের আমিনা খাতুন (৩৬)।
পুলিশ জানায়, রবিবার সকাল ১১টার দিকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের টিকিট কাউন্টারে চিকিৎসাসেবা নিতে আসা লোকজন টিকেট নিতে লাইনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় রোগীর ছদ্মবেশে ১০ থেকে ১১ জন নারী লাইনে দাঁড়িয়ে ভীড় ও ধাক্কাধাক্কি শুরু করেন। এ সুযোগে চিকিৎসা সেবা নিতে আসা তিন নারীর গলায় থাকা তিনটি স্বর্ণের চেইন চুরি করে নিয়ে যান তারা। চেইনগুলোর মোট ওজন ছিল আনুমানিক ১৭ আনা ২ রতি ১ পয়েন্ট।
ঘটনার খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় ঘটনাস্থল থেকে সাত নারীকে গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদে গ্রেফতার নারীরা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। তারা পেশাদার স্বর্ণালংকার চোর চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে মেলা, হাটবাজার ও ধর্মীয় অনুষ্ঠানে ভীড় সৃষ্টি করে সাধারণ মানুষের টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে আসছিলেন। তাদের বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল হালিম জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের আদালতে পাঠানো হয়।


