ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া ও কড়ইতলী স্থলবন্দর দিয়ে প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর আবারও ভারতীয় কয়লা আমদানি শুরু হয়েছে। এতে দীর্ঘদিন কর্মহীন থাকা শ্রমিক ও ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে নিয়মিত আমদানি কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সোমবার (২৪ নভেম্বর) বেলা ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে বন্দর দুটিতে কয়লা আমদানি কার্যক্রম শুরু হয়। এর আগে গত ২৭ জুন থেকে স্থলবন্দর দুটিতে কয়লা আমদানি বন্ধ ছিল।
আমদানি কার্যক্রম শুরুর সময় উপস্থিত ছিলেন কড়ইতলী-গোবরাকুড়া স্থলবন্দরের ট্র্যাফিক পরিদর্শক মো. হামিদুর রহমান, কড়ইতলী-গোবরাকুড়া আমদানি ও রফতানিকারক উন্নয়ন সমবায় সমিতির সদস্য, ব্যবসায়ী ও বন্দরের শ্রমিকরা।
বন্দর সূত্রে জানা গেছে, ২০২৫-২০২৬ অর্থবছরে এ দুটি স্থলবন্দর দিয়ে প্রায় ৩৮ হাজার টন কয়লা আমদানি করা হয়েছিল। এসব কয়লা আমদানি থেকে সরকার প্রায় দেড় কোটি টাকা রাজস্ব এবং ১৮ লাখ টাকা ভ্যাট পেয়েছিল।
দীর্ঘদিন বন্দর দুটির কার্যক্রম বন্ধ থাকায় আমদানি-রফতানি কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। এতে ব্যবসায়ী, শ্রমিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা আর্থিক ক্ষতির মুখে পড়েন।
স্থলবন্দরের ট্র্যাফিক পরিদর্শক মো. হামিদুর রহমান বলেন, ২৫টি পণ্য আমদানির সুযোগ থাকলেও বাস্তবে এ দুটি বন্দর দিয়ে শুধু কয়লা আমদানি হচ্ছে। এতে বন্দর ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বন্দর সবসময় সচল থাকুক, এটাই প্রত্যাশা। এতে সরকার রাজস্ব পাবে এবং শ্রমিক-ব্যবসায়ী সবাই উপকৃত হবেন।
ব্যবসায়ী শামসুল আলম সামস বলেন, আগে প্রতিদিন কয়লা আমদানি হতো। দিন শেষে অন্তত ৪০০ থেকে ৫০০ গাড়ি কয়লা পাওয়া যেত। তখন ব্যবসা ভালো ছিল এবং শ্রমিকদের মধ্যেও কর্মচাঞ্চল্য দেখা যেত। ২০১৫ সাল থেকে দেখা যাচ্ছে, এক দিন কয়লা আমদানি হলে পরদিন থেকেই আবার বন্ধ হয়ে যায়। প্রতিদিন নিয়মিত কয়লা আমদানি হলে ব্যবসায়ীদের পাশাপাশি সরকারও লাভবান হবে।
কড়ইতলী ও গোবরাকুড়া আমদানি-রফতানি গ্রুপের সাধারণ সম্পাদক অশোক সরকার অপু বলেন, পাঁচ মাস বন্ধ থাকার পর আবারও বন্দর চালু হয়েছে। ৭০ জন ব্যবসায়ীর মধ্যে আপাতত দুই তিনজন কয়লা পেয়েছেন। কাজ না থাকায় এতদিন শ্রমিকরা অপেক্ষায় ছিলেন। এখন কাজ শুরু হওয়ায় তাদের মধ্যে আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
বন্দর শ্রমিক রেফাজ উদ্দিন বলেন, কাজ বন্ধ থাকলে খুব কষ্ট করে চলতে হয়। এখন আবার কাজ শুরু হওয়ায় শ্রমিকরা খুশি।


