দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ৮ অক্টোবর পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ১ হাজার ১৪৪ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪২৮ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হাম-বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ঢাকা ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন। সব মিলিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মারা যাওয়া ১ হাজার ১৪৪ জনের মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৪ জনের। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৪০ জনের।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৫ মার্চ থেকে ৮ অক্টোবর পর্যন্ত সারা দেশে ২ লাখ ১ হাজার ৬২৫ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ সময়ে মোট ২২ হাজার ১১৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
এদিকে, গত ১৫ মার্চ থেকে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭৮ হাজার ৯২৭ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এখন পর্যন্ত ১ লাখ ৭১ হাজার ৬৮০ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।


