দেশে হামে আক্রান্ত হয়ে শিশুদের মৃত্যুর ঘটনায় ব্যক্তিগত দায় স্বীকার করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, শিশুদের মৃত্যু তার ব্যর্থতা। তবে এটি সরকারের ব্যর্থতা নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালের নবনির্মিত চারতলা ইস্পাতের ভবন উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে এক সাংবাদিক জানতে চান, গত সাত মাসে হামে আক্রান্ত হয়ে ১ হাজার ২০০ শিশুর মৃত্যু হয়েছে। এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে? এ বিষয়ে কাউকে না কাউকে দায় স্বীকার করতে হবে।
জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দায় তো আমার। আমাকে ফাঁসি দেন। এটা আমার ব্যর্থতা। তবে চেষ্টা করেছি। আমার সরকারের ব্যর্থতা না।’
হামের টিকা সংগ্রহ নিয়ে ওঠা প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ভারত থেকে টিকা আনা হয়েছে বলে কেউ কেউ অপপ্রচার চালাচ্ছে। তবে মোট টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে সংগ্রহ করা হয়েছে। বাকি টিকা এসেছে জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে। এসব টিকা স্বল্পমূল্যে সংগ্রহ করা হয়েছে।
তিনি জানান, দেশে ব্যবহৃত হামের টিকাগুলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরীক্ষিত। জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) এসব টিকা সরবরাহ করেছে। ইউনিসেফ, গ্যাভি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বব্যাপী টিকা সরবরাহের স্বীকৃত প্রতিষ্ঠান।
স্বাস্থ্যমন্ত্রীর দাবি, ইউনিসেফের পরিবর্তে অন্য কোনো বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে টিকা সংগ্রহ করা হলে এবং এরপর হামে শিশুমৃত্যুর ঘটনা ঘটলে দেশের মানুষ তাকে জীবিত রাখত না।
দেশে হামের সংক্রমণ ও শিশুমৃত্যুর কারণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, অনেক অভিভাবক তাদের সন্তানদের হামের টিকা দেননি। বর্তমানে যারা আক্রান্ত হচ্ছে, তাদের প্রায় কেউই টিকা নেয়নি বলে তিনি জানতে পেরেছেন। আক্রান্ত শিশুদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে ভর্তি হামে আক্রান্ত শিশুদের প্রায় কারও টিকা নেওয়ার তথ্য পাওয়া যায়নি বলেও জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হক।


