...|...|...

আইন ও আদালত

হলফনামায় তথ্য গোপন

হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, সকাল ১১:৩৫ | আপডেট: ২৯ আগস্ট ২০২৬, ভোর রাত ৪:১৯
Shares
হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ। ছবি: সংগৃহীত

হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ এনে এনসিপি নেতা নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ এই রিট আবেদন করেছেন।

তিনি জানান, হলফনামা জালিয়াতির অভিযোগ এনে নোয়াখালীর হাতিয়ার বাসিন্দা নাজমুল হোসেন এই রিট করেছেন। 

বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটি শুনানি হবে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী। 

রিটে হান্নান মাসুদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করাসহ প্রয়োজনীয় পদক্ষেপ ও তাৎক্ষণিক উদ্যোগ গ্রহণের জন্য আইন মন্ত্রনালয়ের সচিবের মাধ্যমে সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে। 

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের মধ্যে সবচেয়ে কম বয়সে সংসদ সদস্য (এমপি) হন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদ। হলফনামার তথ্য বলছে, সবচেয়ে কম বয়সি প্রার্থী ছিলেন হান্নান মাসউদ।

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষাপটে জাতীয় রাজনীতিতে পরিচিতি পাওয়া মাসউদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে ভূমিকা রাখেন। আন্দোলনের বিভিন্ন পর্যায়ে নেতৃত্বের শূন্যতায় তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। পরবর্তীতে জাতীয় নাগরিক কমিটিতে (এনসিপি) যোগ দেন তিনি।