...|...|...

বিশ্ব

যুক্তরাষ্ট্রের ভিসাধারীদের জন্য দূতাবাসের জরুরি বার্তা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, বিকেল ৫:৩২ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৬, বিকেল ৫:৩৪
Shares
যুক্তরাষ্ট্রের ভিসাধারীদের জন্য দূতাবাসের জরুরি বার্তা

ছবি: সংগৃহীত

কোনো মামলায় গ্রেফতার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলসহ নানা আইনি জটিলতায় পড়তে পারেন বিদেশি নাগরিকেরা। এমনকি যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো এবং ভবিষ্যতে দেশটির ভিসা পাওয়ার অযোগ্য হওয়ার ঝুঁকিও রয়েছে বলে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

শনিবার (২৪ অক্টোবর) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ বিষয়ে সতর্ক করা হয়।

বার্তায় বলা হয়, গ্রেফতার হওয়ার মতো কোনো ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে। এ ছাড়া পরিস্থিতি অনুযায়ী, তাকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হতে পারে এবং ভবিষ্যতে দেশটিতে প্রবেশের ক্ষেত্রে অযোগ্য ঘোষণার ঝুঁকি তৈরি হতে পারে।

দূতাবাসের এই সতর্কবার্তার মূল বিষয় হলো, যুক্তরাষ্ট্রের ভিসা থাকলেই দেশটিতে প্রবেশ বা অবস্থানের অধিকার নিশ্চিত হয় না। ভিসাধারীর পরিস্থিতি ও প্রযোজ্য আইনের ভিত্তিতে তার ভিসার বৈধতা এবং যুক্তরাষ্ট্রে থাকার যোগ্যতা প্রভাবিত হতে পারে।

এর আগে ভিজিটর ভিসা বা বি১/বি২ ভিসার ব্যবহার নিয়েও সতর্ক করেছিল মার্কিন দূতাবাস। ওই বার্তায় জানানো হয়, এই ভিসা মূলত পর্যটন, ছুটি কাটানো, কেনাকাটা, আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করা এবং ব্যবসায়িক সভা বা সম্মেলনে অংশ নেওয়ার মতো স্বল্পমেয়াদি ভ্রমণের জন্য।

তবে এই ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সাধারণ চাকরি করা বা অনুমোদনহীন কাজে যুক্ত হওয়া যায় না। ভিসার ধরন ও নির্ধারিত উদ্দেশ্য অনুযায়ী দেশটিতে ভ্রমণ ও অবস্থানের নিয়ম মেনে চলতে হয়।