...|...|...

বিশ্ব

ক্যানসারের টিকা নিয়ে বড় সুখবর

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, বিকেল ৫:৫৪
Shares
ক্যানসারের টিকা নিয়ে বড় সুখবর

ছবি: সংগৃহীত

ক্যানসারের চিকিৎসায় ব্যক্তিভিত্তিক এমআরএনএ (mRNA) টিকার পরীক্ষায় আশাব্যঞ্জক ফল পাওয়ার কথা জানিয়েছে মার্কিন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান মডার্না। প্রতিষ্ঠানটির তৈরি ইনটিসমেরান নামের টিকা ইমিউনোথেরাপির ওষুধ পেমব্রোলিজুমাবের সাথে প্রয়োগ করে মেলানোমা রোগীদের ক্ষেত্রে ক্যানসার ফিরে আসা বা মৃত্যুর সম্মিলিত ঝুঁকি ৪২ শতাংশ কমার তথ্য পাওয়া গেছে।

নিউজ ডটকম ডট এইউয়ের প্রতিবেদনে বলা হয়েছে, টিকাটির তৃতীয় ধাপের আন্তর্জাতিক ক্লিনিক্যাল পরীক্ষার ফল ইউরোপিয়ান সোসাইটি ফর মেডিক্যাল অনকোলজির (ইএসএমও) বার্ষিক সম্মেলনে উপস্থাপনের কথা রয়েছে।

প্রকাশিত ফলাফলের বিবরণ অনুযায়ী, চিকিৎসা শুরুর দুই বছর পর টিকা ও পেমব্রোলিজুমাবের সমন্বিত চিকিৎসা নেওয়া রোগীদের ৮২ শতাংশের ক্ষেত্রে ক্যানসার ফিরে আসেনি। একই সময়ে ৮৮ দশমিক ৫ শতাংশ রোগীর শরীরের দূরবর্তী স্থানে ক্যানসার ছড়িয়ে পড়েনি।

গবেষণার ফলাফল ক্যানসারের চিকিৎসায় ব্যক্তিভিত্তিক টিকার সম্ভাবনা নিয়ে নতুন আশার সঞ্চার করেছে। এ ধরনের টিকা রোগীর ক্যানসারের বৈশিষ্ট্য বিশ্লেষণ করে তৈরি করা হয়, যাতে শরীরের রোগপ্রতিরোধব্যবস্থা নির্দিষ্ট ক্যানসার কোষ শনাক্ত করে সেগুলোর বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখাতে পারে।

গবেষণাটির প্রধান অনুসন্ধানকারী অধ্যাপক জর্জিনা লং অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম দ্য অস্ট্রেলিয়ানকে বলেন, এ অগ্রগতি যেন উড়োজাহাজের প্রথম উড্ডয়নের মতো। তার মতে, এর প্রভাব মেলানোমার চিকিৎসার বাইরেও বিস্তৃত হতে পারে।

তবে গবেষণার ফলাফলকে সব ধরনের ক্যানসারের ক্ষেত্রে কার্যকর চিকিৎসার প্রমাণ হিসেবে দেখার সুযোগ নেই। টিকাটির কার্যকারিতা, দীর্ঘমেয়াদি ফলাফল এবং অন্যান্য ক্যানসারে এর সম্ভাব্য প্রয়োগ সম্পর্কে নিশ্চিত হতে আরও গবেষণা ও পরীক্ষার প্রয়োজন রয়েছে।

ব্যক্তিভিত্তিক ক্যানসার টিকার এই গবেষণা সফলভাবে এগোলে ভবিষ্যতে রোগীর ক্যানসারের ধরন ও বৈশিষ্ট্য অনুযায়ী চিকিৎসা তৈরির ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।