...|...|...

রাজধানী

হাজারীবাগে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর, গ্রেফতার ৫

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, রাত ১২:০৫
Shares
হাজারীবাগে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর, গ্রেফতার ৫

ছবি: সংগৃহীত

রাজধানীর হাজারীবাগে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কল পেয়ে ঘটনাস্থলে যাওয়া পুলিশের টহল দলের ওপর হামলা, সরকারি পিকআপ ভ্যান ভাঙচুর ও গাড়িচালককে ধারালো অস্ত্র দিয়ে জখম করার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ।

হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে আনুমানিক ২টা ২৫ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ চর ওয়াশপুর এলাকার একটি বাড়ির ছাদে অনধিকার প্রবেশের অভিযোগ পেয়ে হাজারীবাগ থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে যায়। পুলিশ অভিযোগের বিষয়ে অনুসন্ধানকালে বিবাদীরা অতর্কিতভাবে টহল দলের ওপর হামলা চালায়। এ সময় তারা ধারালো চাপাতি দিয়ে টহল দলের গাড়িচালক কনস্টেবলের ডান হাতের কবজি ও ডান কাঁধে গুরুতর আঘাত করে এবং সরকারি পিকআপ ভ্যানের গ্লাস ও বডি ভাঙচুর করে।

পরবর্তীতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় হাজারীবাগ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করে হাজারীবাগ থানা পুলিশ।

গ্রেফতাররা হলো- ১। মো. বিল্লাল হোসেন সানি (২০), ২। আফসানা আক্তার রিয়া (২৪), ৩। ফাতেমা আক্তার সনিয়া (৩৭), ৪। মো. রুবেল মাজি ওরফে রড রুবেল (৩০) এবং ৫। মাইদুল ইসলাম তামিম (২০)।

গ্রেফতারদের ১০ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেফতারে হাজারীবাগ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।