জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে ওয়াসিম আকরামসহ ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদসহ ২২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার ও সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে এই বিচারিক কার্যক্রম শুরু হবে।
এর আগে গত ৩০ জুন এই ২২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়ে আজকের দিনটি সাক্ষ্যগ্রহণের জন্য নির্ধারণ করেছিলেন ট্রাইব্যুনাল। সে অনুযায়ী আজ মামলার প্রথম সাক্ষীর সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে।
এই চাঞ্চল্যকর মামলায় বর্তমানে ৫ জন আসামি কারাগারে আটক রয়েছেন। তারা হলেন- চট্টগ্রাম-৬ আসনের সাবেক এমপি এ বি এম ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মো. ফিরোজ এবং দেবাশীষ পাল দেবু।
অন্যদিকে মামলার পলাতক প্রধান আসামিদের মধ্যে রয়েছেন-সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, রেজাউল করিম চৌধুরী, মহিউদ্দিন বাচ্চু, হেলাল আকবর চৌধুরী বাবর, নুরুল আজিম রনি, শৈবাল দাস সুমন, আবু ছালেক, এস এম বোরহানুল হক, এইচ এম মিঠু, নূর মোস্তফা টিনু, জমির উদ্দিন, ইমরান হাসান মাহমুদ, জাকারিয়া দস্তগীর, মহিউদ্দিন ফরহাদ ও সুমন দে।
উল্লেখ্য, গত ৫ এপ্রিল প্রসিকিউশন এই মামলায় ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করার পর ৭ এপ্রিল ট্রাইব্যুনাল-২ তা আমলে নেন। মামলার প্রথম অভিযোগে ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুককে হত্যার দায় আনা হয়েছে।
দ্বিতীয় অভিযোগে শহীদ করা হয়েছে তানভীর সিদ্দিকী, সায়মন ওরফে মাহিম ও হৃদয় চন্দ্রকে। এ ছাড়া তৃতীয় অভিযোগে জাহিদ হাসান, আবদুল কাদের, আছিয়া খাতুন, সানজিদা সুলতানা ও আবদুল্লাহসহ শতাধিক ছাত্র-জনতাকে নির্মমভাবে গুরুতর আহত করার সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।



