...|...|...

খেলা

মাগুরার বাড়িতে হামলার প্রতিক্রিয়ায় যা বললেন সাকিব

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৬ আগস্ট ২০২৬, সকাল ৬:০৬ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ১:৪৩
Shares
মাগুরার বাড়িতে হামলার প্রতিক্রিয়ায় যা বললেন সাকিব

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরা শহরের পৈতৃক বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। 

বুধবার (৫ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে শহরের কেশবমোড় এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর শ্রীলঙ্কা থেকে ফোনে গণমাধ্যমকে প্রতিক্রিয়া জানিয়ে সাকিব আল হাসান বলেন, ‘প্রেস কনফারেন্সের পরপরই মাগুরায় আমার বাসায় পেট্রোল বোমা মারা হয়েছে। আগুন ধরেছে। বিস্তারিত এখনও জানতে পারিনি। কিছু ককটেলও বোধহয় মেরেছে ওখানে।’

এর আগে, দিল্লিতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি অংশ নেন সাকিব। এর পরপরই তার বাড়িতে হামলার অভিযোগ ওঠে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা সাকিবের বাড়ির দক্ষিণ পাশের লোহার গেট লক্ষ্য করে বিস্ফোরকসদৃশ একটি বস্তু নিক্ষেপ করে। বিকট শব্দে সেটি বিস্ফোরিত হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে রাত সোয়া ৯টার দিকে মাগুরা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বাড়ি ও আশপাশের এলাকা পরিদর্শন করে এবং আলামত সংগ্রহের চেষ্টা করে। তবে তাৎক্ষণিকভাবে হামলার সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করা যায়নি।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন বলেন, “বাড়ির গেটে যে বস্তুটি নিক্ষেপ করা হয়েছে, সেটি পেট্রোল বোমা কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিশেষজ্ঞদের মতামত ও তদন্ত শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।”

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন সাবেক সংসদ সদস্যের বাড়িতে হামলার ঘটনা ঘটলেও, সাকিব আল হাসানের বাড়িতে এই প্রথম এ ধরনের হামলার অভিযোগ উঠল।